প্রথম-শ্রেণির ক্রিকেটে নতুন দিগন্ত!

দেশের ঘরোয়া ক্রিকেটের ভাঁজে ভাঁজে নতুন গল্প লিখতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতের বাংলাদেশ গড়ার নকশা যেন এবার আরও পরিষ্কার।  

দেশের ঘরোয়া ক্রিকেটের ভাঁজে ভাঁজে নতুন গল্প লিখতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতের বাংলাদেশ গড়ার নকশা যেন এবার আরও পরিষ্কার।  ২০২৫-২৬ মৌসুমের জন্য ১০৫ জন প্রথম-শ্রেণির ক্রিকেটারকে চুক্তির আওতায় এনে সেই বার্তাই দিল বিসিবি।

ক্যাটাগরি এ, বি এবং সি, এই তিন স্তরে ভাগ করে নির্ধারণ করা হয়েছে বেতন কাঠামো। ক্যাটাগরি এ তে রাখা হয়েছে মোট ২৫ জন ক্রিকেটারকে। যেখানে আছে, নাসির হোসেন, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, আফিফ হোসেনদের মতো পরীক্ষিত সব মুখ।

এরপর আসে ক্যাটাগরি ‘বি’। এখানেও ঠাই হয়েছে ১৬ জন ক্রিকেটারের।  শাদাদাত হোসেন দীপু, আকবর আলী, মুশফিক হাসানরা থাকছেন এই ক্যাটাগরিতে।

তবে সবচেয়ে বড় গল্পটা লুকিয়ে আছে ক্যাটাগরি ‘সি’-তে। ৬৪ জন ক্রিকেটার, সংখ্যাটা শুধু বড় নয়, এর ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের আগামী দিনের ভিত্তি। এখানেই উঠে আসছে নতুন মুখ, নতুন প্রতিভা। শেখ পারভেজ হোসেন জীবন এই তালিকায় থাকা সবচেয়ে কম বয়সী নাম। এই তরুণরাই একদিন জাতীয় দলের জার্সিতে আলো ছড়াবে, এই বিশ্বাস নিয়েই তাদের বিনিয়োগ করছে বিসিবি।

আরেকটা দৃশ্য যেন একটু আলাদা করে নজর কাড়ে, নাঈম ইসলাম। এক সময়ের জাতীয় দলের ক্রিকেটার, এখন নতুন ভূমিকায় পা রাখতে যাচ্ছেন। জানুয়ারি থেকে মার্চ, এই অল্প সময়ের জন্য চুক্তি, তারপরই নির্বাচক প্যানেলে যোগ দেবেন।

বিভাগীয় হিসাবেও রয়েছে চমক। ময়মনসিংহ দিয়েছে সবচেয়ে বেশি ক্রিকেটার, আর খুলনা দাপট দেখিয়েছে ক্যাটাগরি ‘এ’-তে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তেই সমানভাবে ছড়িয়ে পড়ছে প্রতিভার আলো।

সব মিলিয়ে, এটা শুধু একটা চুক্তির তালিকা নয়, এটা একটা বার্তা। বাংলাদেশ ক্রিকেট থেমে নেই, বরং আরও বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে। অভিজ্ঞতার কাঁধে ভর করে, তরুণদের হাত ধরে, আগামী দিনের লাল-সবুজ জার্সির জন্য তৈরি হচ্ছে নতুন সৈনিক।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link