পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে আছে বড়সড় দুই চমক। তানজিদ তামিমের সাথে ডাক পড়েছে অমিত হাসানের। সেই সাথে বাদ পড়তে হয়েছে গত সিরিজের দলে থাকা চারজনকে।
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য তানজিদ তামিমের সামনে খুলে দিয়েছে লাল বলের দরজা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন আরেক ব্যাটার অমিত হাসান। বারবার জাতীয় দলের দরজায় কড়া নেড়ে যাওয়া অমিতের ভাগ্য এবার সহায় হয়েছে।

দলে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। একই সঙ্গে পেস আক্রমণে শক্তি বাড়াতে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ, খালেদ আহমেদ, হাসান মুরাদ। জায়গা হারাতে হয়েছে জাকের আলীকেও।
আগামী ৮ মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেটে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই সিরিজটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ।

সবমিলিয়ে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।










