আগের ম্যাচে করেছিলেন অনবদ্য এক সেঞ্চুরি। প্রতিপক্ষ পালটে গেলেও নিজের ভূমিকা ভুলে যাননি সাই সুদর্শন। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ব্যর্থতার দিনে সহজ তাড়ার ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন নান্দনিক এক ইনিংস খেলে।
চেন্নাই টস হেরে ব্যাট করতে নামলে অল্প রানে ফেরেন সাঞ্জু স্যামসন। অধিনায়ক ঋতুরাজ এক প্রান্ত জুড়ে ক্রিজে টিকে থাকলেও খেলে গেছেন ধীরগতিতে। পুরো ইনিংস খেলে ৬০ বলে করেন ৭৪ রান।
আরও একবার ব্যর্থ হয়েছে সিএসকের মিডল অর্ডার। দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি কারো পক্ষেই। ব্যাটারদের আসা-যাওয়ার দিনে চেন্নাই থামে সাত উইকেটে মাত্র ১৫৮ রান করে।

তাড়া করতে নেমে উড়ন্ত শুরু করেন গুজরাটের দুই ওপেনার। শুবমান গিল ৩৩ রান করে ফিরলে ভাঙে ৫৮ রানের জুটি। অন্য দিকে সুদর্শন অবশ্য চার-ছক্কা মেরেই যাচ্ছিলেন।
৪৬ বলে চারটি চার আর সাত ছক্কায় সাজানো ৮৭ রানের ইনিংস খেলে সুদর্শন যখন সাজঘরে ফিরেন ততক্ষণে দল জয়ের বন্দরে প্রায় পৌঁছেই গিয়েছে। জস বাটলারের ছক্কায় যখন গুজরাট জিতে যায়, হাতে ছিল আরও ২০ বল।
আইপিএলে এখন আগে ব্যাট করে ২৬০ রান করাটাও নিরাপদ নয়। সেখানে ১৫৯ রানের লক্ষ্য দিয়ে কোনো লড়াই-ই করা সম্ভব হয়নি চেন্নাই সুপার কিংসের বোলারদের পক্ষে। সহজ বাধা তাই তো গুজরাট স্পর্শ করে ফেলেছে আট উইকেটের ব্যবধানে।










