ক্রিকেটের সমস্তকিছু যার পায়ের কাছে এসে লুটোপুটি খেয়েছে, সেই বিরাট কোহলিকে নাকি এখনও নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে! নিজেকে বারবার প্রমাণ করতে হলে কোহলি নাও খেলতে পারেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে।
ক্রিকেটের সব সোনালী ট্রফি যার ক্যাবিনেটে বন্দি, সেই কোহলি এখন খেলছেন শুধুই আনন্দের জন্য। তবে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত ধোঁয়াশা। কোহলির স্পষ্ট বার্তা, যেখানে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়, সেই বৃত্তে তিনি আর নেই।
সব অর্জনের পর ক্যারিয়ারের এই গোধূলি লগ্নে এসে কোহলি যেন ফিরে গেছেন শৈশবের দিনগুলোতে। টি-টোয়েন্টি আর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন তাঁর ধ্যানজ্ঞান শুধুই ওয়ানডে আর আইপিএল। ক্রিকেটের প্রতি ভালোবাসা আর নিবেদনে বিন্দুমাত্র মরিচা পড়েনি এই অতিমানবীয় রান-মেশিনের।

সম্প্রতি মায়ান্তি ল্যাঙ্গারের সাথে এক পডকাস্টে কোহলি নিজের মনের কথা খুলে বলেছেন অকপটে। ২০২৭ বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই আমি খেলতে চাই, ক্রিকেটটা চালিয়ে যেতে চাই। ভারতের হয়ে বিশ্বকাপ খেলা সবসময়ই অসাধারণ। তবে এর একটা স্পষ্ট মূল্য থাকতে হবে।”
কোহলি মনে করেন, দলে তাঁর উপযোগিতা দুই পক্ষকেই সমভাবে উপলব্ধি করতে হবে। কোহলির ভাষায়, “পরিবেশ যদি মনে করে আমি অবদান রাখতে পারব, তবে আমাকে দেখা যাবে। কিন্তু বারবার যোগ্যতা প্রমাণ করতে হলে, আমি সেই জায়গায় নেই।”
কোহলির প্রস্তুতি আর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার সাধ্য পৃথিবীর কোনো নির্বাচকের নেই। নিজের সবটুকু দিয়ে প্রতিটা বলকে ক্যারিয়ারের শেষ বল মনে করে লড়াই করা, এই সততা কোহলির রক্তে মিশে আছে। তবুও টিম ম্যানেজমেন্টের একাংশের দ্বিধাদ্বন্দ্ব কিছুটা ব্যথিত করেছে তাঁকে।

কোহলি সোজাসাপ্টা জানিয়েছেন, তিনি কোনো বাহ্যিক প্রশংসার জন্য এখন আর ব্যাট হাতে নেন না। তিনি বলেন, “আমি প্রমাণ করতে মাঠে নামি না। আমি খেলি কারণ আমি ব্যাটিং করতে ভালোবাসি বলে।”
দল নির্বাচন বা ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও কোহলির ব্যাট এখনো চেনা ছন্দেই কথা বলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে ভক্তরা আরও একবার বিশ্বকাপে দেখতে পারবেন এই চেজ মাস্টারকে। তবে এবার আর কোনো প্রমাণের দায় নিয়ে নয়, কোহলি খেলবেন কেবলই ক্রিকেটের প্রেমে মজে।










