ভারতের মাটিতে বিগ ব্যাশ লিগ!

ক্রিকেটের রোমাঞ্চ এবার ছড়াতে পারে ভারতীয় উপমহাদেশে। নিজেদের সীমানা পেরিয়ে বিগ ব্যাশ লিগকে (বিবিএল) বিশ্বমঞ্চে মেলে ধরার বড় উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের এই নতুন রূপরেখার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের রোমাঞ্চ এবার ছড়াতে পারে ভারতীয় উপমহাদেশে। নিজেদের সীমানা পেরিয়ে বিগ ব্যাশ লিগকে (বিবিএল) বিশ্বমঞ্চে মেলে ধরার বড় উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের এই নতুন রূপরেখার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই ইতিবাচক সংকেত মিলেছে। ২০২৬ সালের ডিসেম্বরে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচটি আয়োজনের জোর প্রস্তুতি চলছে।

এই মহাযজ্ঞের ভিত গড়তে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চেন্নাই সফর করেছে। ভেন্যু এবং মাঠের সুযোগ-সুবিধা খতিয়ে দেখতেই ছিল তাদের এই আকস্মিক সফর। আইপিএলে চেন্নাই সুপার কিংসের শেষ হোম ম্যাচের সময় এই প্রতিনিধি দল শহরে অবস্থান করছিল।

​সফরকারী কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস। শুধু ক্রিকেটীয় কর্তারাই নন, এই সফরে যুক্ত ছিলেন অস্ট্রেলীয় বাণিজ্য সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিরাও। ফলে এই উদ্যোগের পেছনে কূটনৈতিক ও বাণিজ্যিক এক বড় যোগসূত্র রয়েছে।

​অস্ট্রেলিয়ার বাইরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা যখনই হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথম পছন্দ ছিল চেন্নাই। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও এ বিষয়ে ইতিবাচক আলোচনা সেরেছে তারা। চিপকের উন্মাতাল ক্রিকেটপ্রেমী দর্শক এবং দীর্ঘদিনের সমৃদ্ধ টি-টোয়েন্টি সংস্কৃতির কারণেই এই ভেন্যুকে বেছে নেওয়া হয়ছে।

এই ঐতিহাসিক আয়োজনের মূল চাবিকাঠি ছিল বিসিসিআইয়ের সম্মতি। শুরুর দিকে ভারতীয় বোর্ড এই প্রস্তাবে অনীহা দেখালেও, দীর্ঘ আলোচনার পর তাদের বরফ গলেছে। পরিকল্পনাটি সফল হলে তা হবে ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক বিরল ঘটনা।

চিপকের মাটিতে বিগ ব্যাশের বল গড়ানোর এই উদ্যোগ বিবিএলের জনপ্রিয়তার পালে নতুন হাওয়া দেবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সামনে উন্মোচিত হবে কোটি কোটি ভারতীয় টি-টোয়েন্টি দর্শকের এক নতুন দুয়ার। একই সাথে বিসিসিআই এবং টিএনসিএর মুকুটেও যুক্ত হবে আরও একটি ঐতিহাসিক ও জমকালো ক্রিকেটীয় পালক।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link