২২ বছরের খরা ঘুচিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে একটা লিগ ট্রফির খোঁজ করছিল উত্তর লন্ডন। অবশেষে সেই সোনালী স্বপ্ন ধরা দিল এমিরেটস স্টেডিয়ামে।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে একটা লিগ ট্রফির খোঁজ করছিল উত্তর লন্ডন। অবশেষে সেই সোনালী স্বপ্ন ধরা দিল এমিরেটস স্টেডিয়ামে। ম্যানচেস্টার সিটির নাটকীয় ড্রয়ের হাত ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের মুকুট মাথায় তুলল মিকেল আর্তেতার আর্সেনাল। ২০০৪ সালে কিংবদন্তি আর্সেন ভেঙ্গারের সেই অপরাজেয় ‘ইনভিন্সিবলস’ যুগের পর গানার্সদের শোকেসে এটাই প্রথম লিগ শিরোপা।

মঙ্গলবার রাতে বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর এই সমীকরণই লিগের ভাগ্য নির্ধারণ করে দেয়। শিরোপার লড়াই শেষ ম্যাচ পর্যন্ত টিকিয়ে রাখতে সিটির সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু বোর্নমাউথের ঘরের মাঠে তারা হোঁচট খাওয়ায় গানার্সরা পৌঁছে যায় ধরাছোঁয়ার বাইরে।

​এর আগে গত সোমবার বার্নলির বিপক্ষে ১-০ গোলের এক ঘর্মাক্ত জয়েই মূলত শিরোপার এক হাত দিয়ে রেখেছিল গানার্সরা। সেই জয়ে সিটির চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে যায় তারা।

আর্সেনালের এই অবিস্মরণীয় সাফল্যে প্রতিপক্ষ কোচ পেপ গার্দিওলাও প্রশংসায় ভাসিয়েছেন তাদের। তিনি বলেন,​’আর্সেনাল, মিকেল, তাদের পুরো স্টাফ এবং সমর্থকদের এই প্রিমিয়ার লিগ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। এই শিরোপা তাদেরই প্রাপ্য।’

​শিরোপা নিশ্চিত হওয়ার সাথে সাথেই এমিরেটস স্টেডিয়ামের চারপাশ রূপ নেয় উৎসবের নগরীতে। ‘ক্যাম্পিওনেস’ (চ্যাম্পিয়ন) গানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ভক্তদের কণ্ঠে বারবার ফিরে আসে মাস্টারমাইন্ড আর্তেতার নাম।

​আগামী রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে আর্সেনাল। আর সেই ম্যাচ শেষেই আনুষ্ঠানিকভাবে মিকেল আর্তেতার হাতে তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগের ট্রফিটি।

​তবে গানার্সদের উৎসব এখানেই থামছে না। চলতি মাসের শেষের দিকে প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে মাঠে নামবে তারা। উত্তর লন্ডনের দলটির সামনে এখন সুযোগ রয়েছে ঘরোয়া লিগের সাথে ইউরোপসেরার মুকুট জিতে এক রূপকথার ‘ডাবল’ পূর্ণ করার।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link