ইনজামাম হতে পারলেন না রিজওয়ান!

লিটনের স্লেজিংয়ের জবাব কিংবা ইনজামাম-উল-হকের সেই মুলতান, সিলেটের মাঠে কোনোটাই ফিরিয়ে আনতে পারলেন না এই পাকিস্তানি ব্যাটার।

পাকিস্তানের সামনে সুযোগ ছিল ইতিহাস গড়ার। মোহাম্মদ রিজওয়ানের সামনে সুযোগ ছিল নায়ক হওয়ার। ​বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। বুক চিতিয়ে লড়ছিলেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে।

আজ সাফল্য পেলে দুটি কাজ একসাথে হতো। ক্রিকেটের পাতায় ফিরে আসত ২০০৩ সালের সেই মহাকাব্যিক মুলতান টেস্টের স্মৃতি।  উইকেটের পেছন থেকে অনবরত স্লেজিং করে যাওয়া লিটন দাসের যোগ্য জবাবটাও দেওয়া হতো।

​কিন্তু পারলেন না রিজওয়ান। তীরে এসে ডুবল পাকিস্তানের তরী। লিটনের স্লেজিংয়ের জবাব কিংবা ইনজামাম-উল-হকের সেই মুলতান, সিলেটের মাঠে কোনোটাই ফিরিয়ে আনতে পারলেন না এই পাকিস্তানি ব্যাটার।

চতুর্থ দিন শেষে বাংলাদেশের দরকার ছিল তিন উইকেট আর পাকিস্তানের ১২১ রান। উইকেটে তখনো টিকে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাজিদ খানকে নিয়ে ক্রিজে যখন তিনি রেকর্ড গড়ার রূপকথা লিখছিলেন, তখন বাংলাদেশি ভক্তদের মনে দোলা দিচ্ছিল সেই মুলতান টেস্টের কথা।

সেবার বাংলাদেশের নিশ্চিত জয়ী ম্যাচ উইকেটের পেছনে খালেদ মাসুদ পাইলটের ক্যাচ মিসের সুবাদে একা হাতে কেড়ে নিয়েছিলেন ইনজামাম-উল-হক। পাকিস্তানকে জিতিয়েছিলেন এক উইকেটের অবিশ্বাস্য ব্যবধানে।

সিলেটেও যেন তৈরি হয়েছিল প্রায় একই রকম পরিস্থিতি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রিজওয়ানের ক্যাচ মিস করে বসেন মেহেদী হাসান মিরাজ।

রিজওয়ানের সামনে সুযোগ ছিল উইকেটের পেছন থেকে অনবরত স্লেজিং করে যাওয়া লিটন দাসের কথার জবাব ব্যাটে দেওয়া। কিন্তু না, ২০০৩ সালের ইনজামাম হতে পারলেন না রিজওয়ান। পারলেন না লিটনের স্লেজিংয়ের জবাব দিতেও। চরম মুহূর্তে আশা জাগিয়েও দলকে ডোবালেন একরাশ হতাশায়।

ব্যাক্তিগত ৯৬ রানে শরিফুল ইসলামের এক ব্যাক অব লেন্থ ডেলিভারিতে পরাস্ত হন তিনি। ব্যাটের কোণে লেগে বল চলে যায় মিরাজের হাতে। এবার আর ভুল করেননি মিরাজ।

রিজওয়ান সাজঘরে ফেরার সাথে সাথেই লাল-সবুজের ভক্তদের মনে জয়ের সুবাতাস বইতে শুরু করে। পরের ওভারে খুররাম শেহজাদকে ফেরান তাইজুল। ৩৫৮ রানে থামে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের ঘরের মাঠে টাইগারদের সামনে আবারও অসহায় আত্মসমর্পণ করল পশ্চিম পাকিস্তান।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link