জাতীয় দলের একাদশ বাছাই থেকে শুরু করে কৌশলগত সিদ্ধান্ত। সবকিছুতেই লিওনেল মেসির হাত থাকে! সম্প্রতি বিদেশি এক সংবাদমাধ্যমের এমন দাবিকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে তীব্র বিতর্ক তৈরি হয়। আর এই ভিত্তিহীন গুঞ্জনকে ঘিরে এবার সরাসরি মুখ খুললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি সাফ জানিয়ে দিলেন, মেসি কখনোই দলকে নিজের ইচ্ছামতো পরিচালনার চেষ্টা করেননি।
আর্জেন্টিনার এই বিশ্বজয়ী কোচ স্পষ্ট করে বলেছেন, দলের অধিনায়ক মেসির সাথে তিনি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন ঠিকই, কিন্তু মাঠের সিদ্ধান্ত বা দল গঠনের চূড়ান্ত ক্ষমতা শুধুই কোচের।
স্ক্যালোনির ভাষায়, ‘আমি এখানে যত বছর আছি, সে কখনোই আমাকে বলেনি কে খেলবে বা কাকে বাদ দিতে হবে। মিডিয়া আমার মন্তব্যকে বিকৃত করেছে। আমি মেসির সাথে সব আলোচনা করি, কিন্তু আমার সিদ্ধান্ত আমারই।’ তিনি অত্যন্ত বিরক্তির সাথে ওই সংবাদমাধ্যমকে প্রতিবেদনটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এই প্রসঙ্গে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজকে এমন একটি পরিস্থিতির মুখোমুখি করা হয়, যেখানে তিনি জানান, তাদের দলে রোনালদোর কোনো প্রভাব নেই।
স্ক্যালোনির মতে, মার্টিনেজ ওই প্রতিবেদনের ভুল প্রেক্ষাপট শুনেছেন। স্ক্যালোনি যোগ করেন, ‘আমি নিশ্চিত মার্টিনেজও রোনালদোর সাথে পরিস্থিতি নিয়ে কথা বলেন, ঠিক যেভাবে আমি মেসির সাথে করি। এটাই পেশাদারিত্ব, এটাকে খেলোয়াড়দের হস্তক্ষেপ বলা যায় না।’
ইনজুরির কারণে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি মাঠে না থাকলেও, মূলপর্বে তাকে দেখার অপেক্ষায় গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা। স্কালোনিও এখন দলের ঐক্য এবং ছন্দ ধরে রাখতেই ব্যস্ত। বিতর্ক দূরে সরিয়ে রেখে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার বিশ্বমঞ্চে কতটা দাপট দেখাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।












