অস্ট্রেলিয়া বধের শুরুটা হয়েছিল ব্যাট হাতেই, সাইফ হাসানের ব্যর্থতার ওপর প্রলেপ দিয়েছেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। আগ্রাসী মেজাজে শাসন করেছেন অজি বোলারদের। দুজনের জোড়া ফিফটিতে বড় স্কোরের স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ।
সেই স্বপ্নকে বাস্তবে এনে দেওয়ার দায়িত্বটা যেন কাঁধে তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রত্যাবর্তনের মঞ্চটাকে একেবারে নিজের মালিকানাধীন করে নেন তিনি। ৭০ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে জানান দেন জায়গাটা এতদিন তাঁরই অপেক্ষা করছিল। তাঁর ব্যাটে ভর করেই ২৮৪ রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া যখন চেজের চিন্তা মাথায় নিয়ে মাঠে নেমেছে, তখনই দুশ্চিন্তা হয়ে এলেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই সাজঘরে পাঠালেন ম্যাথিউ শর্টকে। অপরপ্রান্তে মুস্তাফিজুর রহমানও যোগ দেন অজি বধের মিশনে। দুই ওভারে দুই উইকেট হারিয়ে ম্যাচটা তখনই হাতছাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া।
তবুও তো একটা সুযোগ থাকেই, আর সেটাকেই ছেঁটে ফেলার মিশনে নামলেন নাহিদ রানা। আগুনের গোলা ছোড়া শুরু করলেন একপ্রান্ত থেকে। অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটা গেঁথে দেন তিনি। ১০ ওভারে ৪১ রান দিয়ে শিকার করেন চার উইকেট।
তবে আসল চমকটা দেখিয়েছেন মোসাদ্দেক। ব্যাট হাতে ওমন অবিস্মরণীয় ইনিংস খেলার পর বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে এসে দুই উইকেট শিকার, দিনটা যেন একান্তই তাঁর। বাংলাদেশি বোলারদের সম্মিলিত আক্রমণ সামলাতে না পেরে ১৯১ রানেই মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া। তাতেই ৮৬ রানের জয় নিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ।

Share via:










