শর্ট লেগে ওতপেতে ছিলেন শিকারির মতো, বলটা সামনে আসতেই অসম্ভব ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়লেন বলের ওপর। ভারতীয় খেলোয়াড়রা দৌড়ে এলেন, জড়িয়ে ধরলেন জুরেলকে। তিনি যে অবিশ্বাস্য এক ক্যাচ লুফে নিয়েছেন। ফর্মে থাকা হেনরি নিকোলসকে ফেরাতে এর চেয়ে ভালো সুযোগ ছিল না, জুরেল সেটাকেই লুফে নিলেন এক হাতে।
প্রসিধ কৃষ্ণার অফ স্টাম্পের কাছ থেকে করা শর্ট অব গুড লেংথের বলটি মিডল স্টাম্প বরাবর ছিল। নিকোলস পায়ের আঙুলের ওপর ভর দিয়ে বলটি লেগ সাইডে খেলতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত করে উরুর প্যাডে।

এর আগে শুভমান গিল জুরেলকে পাঠিয়েছিলেন শর্ট লেগে। একটা সুযোগ এলেই যাতে সেটাকে ধরে নেওয়া যায়। সুযোগটা এল। নিকোলস ব্যাট ছোঁয়ানোয় বল শূন্যে ভেসে ছিল অল্প সময়ের জন্য।
জুরেলের থেকে বেশ খানিকটা সামনে। ধরতে গেলে পুরো শরীর ছুড়ে দিতে হবে বাতাসের সাথে। জুরেল তাই করলেন, হাওয়ায় শরীর ভাসিয়ে এক হাত দিয়ে বলটাকে ধরার চেষ্টা করলেন। চেষ্টায় সব হয়, বলটাও পড়ল তাঁর হাতের ওপর। নিকোলস নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, কী হয়ে গেল। প্রথম ইনিংসেই ১৭৫ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসেও প্রবল প্রতাপে ছুটছিলেন। তবে জুরেলের ওই ক্যাচটা তাঁকে থামিয়ে দিল ৩১ রানেই।











