মাদ্রিদের কামব্যাকের প্রধান অস্ত্র এখন কার্লোস এস্পি

সব মিলিয়ে মাত্র ৫৭ মিনিট খেলার সুযোগ পেলেও এর মধ্যেই করে ফেলেছেন চারটি গুরুত্বপূর্ণ গোল। অর্থাৎ মাঠে নেমে গড়ে প্রতি ১৪.২৫ মিনিটে একটি করে গোল করছেন তিনি।

কামব্যাক – সে তো রিয়াল মাদ্রিদের রক্তে মেশা। আর এই মৌসুমে ম্যাচ ঘোরানোর কৌশলে রিয়াল মাদ্রিদের নতুন অস্ত্র হয়ে উঠেছেন কার্লোস এস্পি। মৌসুম শুরুর আগে ২৫ মিলিয়ন ট্রান্সফার ফিতে তাকে দলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তখনও ফুটবলবিশ্ব তাকে খুব একটা চিনতো না। তবে ফ্লোরেন্তিনো পেরেজ যে সোনা চিনতে ভুল করেন না, সেটিই যেন আবারও প্রমাণ করে দিচ্ছেন এই তরুণ।

২০২৬-২৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন এস্পি, আর এর প্রতিটিতেই শুরুর একাদশের বাইরে থেকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। শেষ মুহূর্তের গোলে একের পর এক ম্যাচের ভাগ্য বদলে দিয়ে নিজেকে অনন্য ‘সুপার-সাব’-এ পরিণত করেছেন এই ফরোয়ার্ড।

লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে মোট ১১টি ম্যাচে বদলি হিসেবে নেমেছেন কার্লোস এস্পি। এর মধ্যে লা লিগায় সাতটি ম্যাচে বদলি নেমে মাত্র ৩৬ মিনিট খেলে তিনটি গোল করেছেন তিনি। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চারটি ম্যাচে বদলি নেমে ২১ মিনিট খেলে একটি গোল করেছেন।

সব মিলিয়ে মাত্র ৫৭ মিনিট খেলার সুযোগ পেলেও এর মধ্যেই করে ফেলেছেন চারটি গুরুত্বপূর্ণ গোল। অর্থাৎ মাঠে নেমে গড়ে প্রতি ১৪.২৫ মিনিটে একটি করে গোল করছেন তিনি।

লা লিগায় তাঁর করা তিনটি গোলের প্রতিটিই এসেছে বদলি নেমে ম্যাচের শেষ দিকে জয়সূচক গোল হিসেবে। সেলতা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ ব্যবধানের পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়ানোর জয়ে ম্যাচজয়ী গোলটি করেন এস্পি ৮৫তম মিনিটে বদলি হিসেবে নেমে।

এর আগে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ দিকে ৯০তম মিনিটে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল আদায় করে নেন তিনি। পাশাপাশি এলচের বিপক্ষে ম্যাচেও ৯১তম মিনিটে স্টপেজ টাইমে গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেন এই তরুণ ফরোয়ার্ড।

ঘরোয়া লিগের পাশাপাশি ইউরোপীয় মঞ্চেও নিজের কার্যকারিতা দেখিয়েছেন এস্পি। ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে ১২ মিনিটেই ম্যাচের চিত্র আমূল বদলে দেওয়ার কারিগর ছিলেন তিনি।

অচেনা মুখ থেকে দ্রুতই ভরসার প্রতীকে পরিণত হওয়া এস্পির এই আগমন রিয়াল মাদ্রিদের দলবদলের দূরদর্শিতাকেই নতুন করে সামনে আনছে। শুরুর একাদশে সুযোগ না পেলেও বেঞ্চ থেকে উঠে এসে ম্যাচের চাপ সামলে নেওয়া এবং নির্ধারিত বা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল করার এই ধারাবাহিকতা মাদ্রিদের আক্রমণভাগে এনে দিয়েছে বাড়তি ভরসা ও ভিন্ন মাত্রা।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link