ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

পরিসংখ্যানের নির্মমতা অবশ্য দক্ষিণ আফ্রিকার মাটিতেই থেমে নেই। বাংলাদেশের মাটিতেও প্রোটিয়াদের বিপক্ষে ছয় ইনিংসে মুমিনুলের সংগ্রহ ১৩২ রান, গড় ২২। সর্বোচ্চ ৮২, চট্টগ্রামে ২০২৪ সালে। দুই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ ইনিংসে তার মোট সংগ্রহ ২৩৭ রান, ব্যাটিং গড় ১৬.৯৩!

শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই না। ইদানীং বেশ খারাপ সময়ই বয়ে বেড়াচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। সর্বশেষ ১০ ইনিংসে নেই কোনো অর্ধশতক। সবশেষ ফিফটি এসেছিল চলতি বছরের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে। মাঝখানে ৪৯ রানের ইনিংসও খেলেছেন, অর্ধশতকের দোরগোড়ায় পৌঁছেও ফিরতে হয়েছে। একজন অভিজ্ঞ টেস্ট ব্যাটারের ক্ষেত্রে এমন দৃশ্য সত্যিই পীড়াদায়ক।

অথচ মুমিনুল বাংলাদেশের এক নির্ভরতার নাম! দেশের টেস্ট ইতিহাসেই মুশফিকুর রহিমের পরে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ! ঠিক এক বছর আগেই, এমন সময়েই আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিনটি অর্ধশতক, এরপর এবছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে আরও দুটি। টানা পাঁচ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করে নিজের ব্যাটিংশৈলীর অভিনব প্রদর্শনী দেখাচ্ছিলেন মুমিনুল। কিন্তু সেই ছন্দের ধারাবাহিকতা ইদানীং ফিকে হয়ে গেছে।

চোটের দুর্ভোগও তার ফর্মকে কিছুটা বন্ধুর করেছে কি না, কে জানে! ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাথায় আঘাত পেয়ে কনকাশনে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ১০.৬০ গড়, প্রোটিয়াদের বিপক্ষে সামগ্রিকভাবে ১৬.৯৩ গড়, আর সর্বশেষ ১০ ইনিংসে ফিফটির দেখা নেই। মুমিনুলের দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ড দেখলে ভুল করে মোবাইল নম্বর ভেবে বসতে পারেন! ৭৭-০-৪-১১-০-২-৬-৫-০-১। সংখ্যাগুলো একবার চোখ বুলিয়ে নিন। ১০ ইনিংসের এই স্কোরলাইনই বলে দিচ্ছে, প্রোটিয়াদের মাটিতে মুমিনুলের ব্যাটিং দুর্দশা কতটা প্রকট।

চারপাশে এখন একটাই রব, মুমিনুল দায়িত্বজ্ঞানহীন, প্রত্যাশা পূরণে ব্যর্থ, ব্যাট হাতে একেবারেই বিবর্ণ। সমালোচনার তিরও ছুটছে চারদিক থেকে। তবে সব সমালোচনার জবাব দেওয়ার মোক্ষম সুযোগ এখন সেঞ্চুরিয়নের দ্বিতীয় টেস্ট। দলের অভিজ্ঞ এই ক্যাম্পেইনারকে বাদ দেওয়ার সাহস ম্যানেজমেন্ট দেখাবে, এমন সম্ভাবনা ক্ষীণ। তাইতো প্রশ্ন রয়ে যায় একখানা, পারবেন তো মুমিনুল?

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link