রোমাঞ্চকর লড়াই শেষে ইকুয়েডর ও কুরাসাওয়ের ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছে। পুরো ম্যাচজুড়ে কুরাসাওয়ের সুসংগঠিত রক্ষণভাগ ইকুয়েডরের শক্তিশালী আক্রমণভাগের সব প্রচেষ্টা নস্যাৎ করে দেয়।
ক্যানসাস সিটিতে আয়োজিত এই ম্যাচে শুরু থেকেই ইকুয়েডর জয়ের জন্য মরিয়া ছিল। তবে কুরাসাও গোলরক্ষক ইলোয় রুমের বিশ্বমানের পারফরম্যান্সের সামনে তারা অসহায় হয়ে পড়ে।
ম্যাচের ৭৫ শতাংশ সময় জুড়েই বল নিজেদের দখলে রাখে ইকুয়েডর। মোটে ২৮টি শট নিলেও একটিও গোলের দেখা মেলেনি সেবেস্তিয়ান বিসাসিসের দলের।

ইকুয়েডর যখন একের পর এক আক্রমণ করছিল, তখন রুমের ক্ষিপ্রতা দলকে রক্ষা করে। ৬৫ মিনিটে এনার ভ্যালেন্সিয়ার জোরালো শটও তিনি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন।
গোল মিসের তালিকায় সবচেয়ে বড় আক্ষেপের ঘটনাটি ঘটে ৭৪তম মিনিটে। যখন পিয়েরো হিনকাপি ছয় গজ দূর থেকে একটি সহজ ফ্রি হেডারে বল জালে জড়াতে ব্যর্থ হয়ে বারের ওপর দিয়ে বাইরে পাঠান। এই সুযোগটি হাতছাড়া হওয়া ছিল ইকুয়েডরের জন্য জয় না পাওয়ার অন্যতম একটি কারণ।
পুরো ম্যাচজুড়ে কুরাসাও গোলরক্ষক ইলোয় রুম মোট ১৫টি অসাধারণ সেভ করে বিশ্বরেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে যান। যা কুরাসাওয়ের মতো দলের জন্য এক গৌরবময় অর্জন। অন্যদিকে, বারবার গোলের সুযোগ তৈরি করেও ইকুয়েডরের ফিনিশিং ব্যর্থতা শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ের মাধ্যমে ম্যাচটির সমাপ্তি ঘটায়।












