জাপানের ভূমিকম্পে লণ্ডভণ্ড তিউনিসিয়া!

ফিফা বিশ্বকাপে গ্রুপ 'এফ' এর লড়াইয়ে তিউনিসিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে জাপান।

ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ এর লড়াইয়ে তিউনিসিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে জাপান। মন্টেরের  ব্যানকোমারে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই তিউনিসিয়ার রক্ষণভাগকে পুরোপুরি চাপে রেখেছিল সামুরাই ব্লুরা।

​ম্যাচের শুরুতেই চমক দেখায় জাপান। মাত্র চার মিনিটের মাথায় দাইচি কামাদার গোলে এগিয়ে যায় তারা, যা তিউনিসিয়ার রক্ষণভাগকে মুহূর্তেই হতভম্ব করে দেয়। ৩১ মিনিটে স্ট্রাইকার আয়াশে উয়েদা অসাধারণ এক শক্তিশালী নিচু শটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার বড় সুযোগ পেয়েছিল তিউনিসিয়া। হানিবাল মেজবরি জাপানের রক্ষণভাগ ভেঙে গোল করার দারুণ সুযোগ পেলেও বলের ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধের খেলাতেও জাপানের আক্রমণাত্মক ফুটবলের দাপট অব্যাহত ছিল। ৬৯ মিনিটে হিদেমাশা ইতো গোল করে স্কোরলাইন ৩-০ করেন, যা তিউনিসিয়ার ঘুরে দাঁড়ানোর আশা কার্যত শেষ করে দেয়।

কিন্তু এখানেই থেমে থাকেনি হাজিমে মরিয়াসুর শিষ্যরা। ম্যাচের ৮৩ মিনিটে তম আবারও তিউনিসিয়ার জালে কম্পন সৃষ্টি করে তারা। আয়াশে উয়েদা অসাধারণ হেডে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন এবং দলের স্কোরলাইন ৪-০ তে নিয়ে যান।

পুরো ম্যাচে কৌশলগতভাবে তিউনিসিয়াকে পাত্তাই দেয়নি জাপান। এই বিশাল জয়ের ফলে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পথ অনেকটাই প্রশস্ত করল জাপান। অন্যদিকে দুই ম্যাচে দুই হারের জন্য টুর্নামেন্ট থেকেই কার্যত ছিটকে গেল তিউনিসিয়া।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link