বিধ্বংসী রূপে সুরিয়াভানশির ক্ষোভ প্রকাশ!

মাত্র ১১ বলে অর্ধশতক হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দিলেন ১৫ বছর বয়সী এই বিস্ময়বালক।

ডাম্বুলায় ব্যাট হাতে যেন তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন বৈভব সুরিয়াভানশি। মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দিলেন ১৫ বছর বয়সী এই বিস্ময়বালক।

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আগের ম্যাচে সুপার ওভারে হার আর মাঠের মধ্যেই হাতাহাতির স্মৃতি জ্বলজ্বল করছে। এই তিক্ত স্মৃতি থেকে মুক্তি পেতে বৈভব সুরিয়াভানশি যেন নিজের ব্যাটটাকেই বেছে নিলেন।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে ‘১০০’ সংখ্যাটি স্টোরিতে দেন তিনি। সেই রহস্যময় স্টোরিই যেন এক জ্বলন্ত বারুদে রূপ নিল।

যদিও শতরানের কিঞ্চিৎ দূরত্বেই থামতে হয়েছে তাকে। তবে মাত্র ২৯ বলে ৯৪ রানের এক বিধ্বংসী ইনিংসে যেন লঙ্কান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন তিনি।যেখানে ছিল আটটি বিশাল ছক্কা আর দশটি চার।

আইপিএল মাতানোর পর এই ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে নিজের চেনা ছন্দে ছিলেন না বৈভব, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঢেউ বইছিল।

তবে সব ট্রল আর সমালোচনার যোগ্য জবাব দিতে তিনি বেছে নিলেন বড় মঞ্চকেই। ডাম্বুলার ফাইনালে আজ যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই জ্বলে উঠল তাঁর ব্যাট। আর সমালোচকদের স্তব্ধ করে দিয়ে লিখল নতুন ইতিহাসের উপাখ্যান।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link