খাদের কিনারায় ভারতের টেস্ট ক্রিকেট!

অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা হোঁচট খেলে সামলে নেওয়ার জায়গা আছে। ভারতের নেই। গলের প্রথম বলটা তাই শুধু একটা সিরিজের শুরু নয় — এমন এক যাত্রার সূচনা, যেখানে হাঁটার প্রতিটা পদক্ষেপ নিখুঁত হতে হবে, নইলে ফাইনালের স্বপ্নটা থমকে যাবে খাদের কিনারায়।

এমন এক আয়নার সামনে দাঁড়িয়ে আছে ভারত, যেখানে প্রতিফলনটা চেনা মনে হচ্ছে না। যে দল টেস্ট ক্রিকেটে দাপটের মানে বুঝিয়েছে দুই দশক ধরে, সেই ভারতই আজ নিজেদের ছায়ার সাথে লড়ছে। ১৫ আগস্ট গলে যখন প্রথম বলটা পড়বে, মাঠের বাইরের যুদ্ধটা মাঠের ভেতরের চেয়ে কম নাটকীয় নয় — কোচ গৌতম গম্ভীর প্রশ্নবিদ্ধ, অধিনায়ক শুভমান গিল এখনও প্রমাণ করতে পারেননি ঝড়ের মধ্যে জাহাজ চালাতে জানেন কিনা, আর সবচেয়ে বিশ্বস্ত অস্ত্র জাসপ্রিত বুমরাহ বসে আছেন ব্যাঙ্গালুরুর পুনর্বাসন কেন্দ্রে, হাঁটুর চোটে কাবু।

ভারতের অবস্থান টাও খুব  বেশি ভালো জায়গায় নেই  — নয় ম্যাচে চার জয়, চার হার, এক ড্র, পয়েন্ট শতাংশ মাত্র ৪৮.১৫। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পাঁচে পড়ে থাকা এই দলের সামনে বাকি নয়টা ম্যাচ — শ্রীলঙ্কায় দুই, নিউজিল্যান্ডে দুই, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ।

অন্য কারও ফলাফলের ওপর নির্ভর না করে সরাসরি ফাইনালে যেতে হলে এই নয়ের মধ্যে অন্তত আটটা জিততে হবে, কোন প্রশ্ন ছাড়াই। আর ঠিক এই শুরুতেই হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে সবচেয়ে ধারালো তলোয়ার — বুমরাহ, বিশ্বের এক নম্বর টেস্ট বোলার, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে পুনর্বাসনের পরও লাল বলের পরীক্ষায় সাড়া দিতে পারেননি। গম্ভীরের কোচিং জীবনের হিসেবও কথা বলছে না তার পক্ষে, ধারাবাহিক সিরিজ হার জমা হচ্ছে মাথার ওপর প্রশ্নচিহ্ন হয়ে।

আর এই জায়গাতেই ভারতের সংকট আরও গভীর হয়ে ওঠে, কারণ ফাইনালের দরজায় যে দুটো দল আগে থেকেই দাঁড়িয়ে, তারা কেউই থমকে নেই। শীর্ষে অস্ট্রেলিয়া, আট ম্যাচে সাত জয় নিয়ে পয়েন্ট শতাংশ ৮৭.৫০। বাংলাদেশের বিপক্ষে তুলনামূলক সহজ সিরিজ দিয়ে ফেরার পর তাদের অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচ, আর সবশেষে ভারত সফরে বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচ — কঠিন পথ, তবু হাতে জমা পয়েন্ট তাদের ভুলের বিলাসিতা দিয়ে রেখেছে।

দ্বিতীয় স্থানে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, ছয় ম্যাচে চার জয়, পয়েন্ট শতাংশ ৭২-৭৫ এর ঘরে। ভারত সফর, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ — এসব তুলনামূলক নিয়ন্ত্রণযোগ্য, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচের সিরিজটাই তাদের আসল অগ্নিপরীক্ষা।

অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা হোঁচট খেলে সামলে নেওয়ার জায়গা আছে। ভারতের নেই। গলের প্রথম বলটা তাই শুধু একটা সিরিজের শুরু নয় — এমন এক যাত্রার সূচনা, যেখানে হাঁটার প্রতিটা পদক্ষেপ নিখুঁত হতে হবে, পা হড়কালেই ফাইনালের স্বপ্নটা চলে যাবে খাদের কিনারায়।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link