১৯ রানে দুই উইকেট হারিয়েছে ভারত। ঘোরতর বিপদ সামনে উপস্থিত। তখনই ব্যর্থতার খোলস ছেড়ে বেরিয়ে এলেন শ্রেয়াস আইয়ার। উদ্ধারকারী জাহাজ হয়ে ফিফটি করে বিপদ থেকে টেনে তুললেন দলকে।
আট ইনিংস ধরে কোনো ফিফটির দেখা পাননি শ্রেয়াস। একে তো দলের নেতা, তাঁর ওপর ব্যাট হাসছে না ঠিকঠাকমতো। সমালোচনার কানাঘুষা চলছিল। সামনে থেকে যার নেতৃত্ব দেওয়ার কথা, তিনিই যদি রান না পান, সেটা তো চিন্তার বিষয়!

তবে সেই শঙ্কাকে উড়িয়ে দিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে। ১৯ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর ভারত যখন চিন্তা করছে, এখান থেকে টেনে তুলবে কে, সেখানেই ইশান কিষাণকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করলেন। আগ্রাসন ঠিকরে বের হলো ব্যাট থেকে। চড়াও হলেন বোলারদের ওপর। নিজেদের দিকে ধেয়ে আসা চাপটাকে প্রতিপক্ষের ওপর চাপিয়ে দেওয়ার ব্রতই ছিল সেখানে।
ইশানকে সঙ্গে নিয়ে জুটি গড়েছেন ৯৩ রানের। ভঙ্গুর দশা থেকে পরিত্রাণের উপায় বাতলে দিয়েছেন ভারতকে। ২২ বলে ফিফটি আসে। পরের বলেই ইনিংসের সমাপ্তিও ঘটে যায়। চার ছক্কা আর তিন চারে সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল ২১৭।

ইনিংস বড় হয়নি তাঁর, তবে ভারত বিপদ কাটিয়ে উঠেছে তাঁর হাত ধরেই। সেই সঙ্গে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা শ্রেয়াস নিজেও মুক্তির স্বাদ পেয়েছেন এই ফিফটির মাধ্যমে।










