পাওয়ার প্লের ত্রাস তিনি। নতুন বলটাকে পিটিয়ে যেন তিনি পান নির্মম বিনোদন। সেই অভিষেক শর্মা হন্যে হয়ে ছিলেন একটা হাফ সেঞ্চুরির জন্য। সেই বিশ্বকাপের মঞ্চ থেকেই আগুনটা ঠিক পুরোদমে জ্বলছিল না।
অবশেষে সেই আগুনটা পাঞ্জাব কিংসের চিতা হয়ে জ্বলে উঠল। পাওয়ার প্লে-তে আইপিএলের ইতিহাসে মাত্র তিনবার কোনো দল ১০০-এর ওপরে রান করেছে, তিনবারই দলটির নাম সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এর তৃতীয় সংস্করণটার ঝড় গেল পাঞ্জাবের ওপর দিয়ে।

আর এর কাণ্ডারি অভিষেক শর্মা। শটের পসড়া সাজিয়ে তিনি যথারীতি ফিরে গেছেন নিজেরে পুরনো ছন্দে, চিরচেনা সুনামি হয়ে তিনি নেমে এসেছেন চন্ডিগরে। ভারতবর্ষ যখন বৈভব সুরিয়াভানশির জ্বলে পুড়ছে, তখন অভিষেকের ব্যাট বলে উঠল, টাইগার জিন্দ্যা হ্যায়।
১৮ বলে হাফ সেঞ্চুরি করলেন। মাত্র ২৮ বলের একটা ইনিংস। তাতেই করলেন ৭৪ রান। হাকালেন আটটা ছক্কা। সাথে যোগ হল পাঁচটি বাউন্ডারি। আইপিএল যেন নিজের বরপুত্রকে ফিরে পেল নতুন করে।

এক ম্যাচ আগেই কেকেআরের বিপক্ষে হাফ সেঞ্চুরি থেকে দুই রান আগে ফিরতে বাধ্য হন আক্ষেপ নিয়ে। এবার আর কোনো আক্ষেপই রাখলেন না অভিষেক শর্মা।










