শেষবারের মত ব্যাট করতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, তাঁকে ঘিরে যে উন্মাদনা – সেটা ঠিকই টের পাওয়া গেল! এই দেখাই কি শেষ দেখা? আবারও এই প্রশ্ন সামনে এসেছে। মহেন্দ্র সিং ধোনি কি এদফা তুলে রাখবেন তার হলুদ জার্সি? চলে গেলাম বলেও যে চলে যাওয়া হচ্ছে না তার। কি এক মায়াজালে আটকে তিনি থেকে যাচ্ছেন বারংবার। কিন্তু আর কতকাল?
মহেন্দ্র সিং ধোনি, সেই কতকাল আগেই ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। এরপর টেনে নিয়ে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্যারিয়ার। সারা বছর আয়েশ করে নিজের ঘরে দিনাতিপাত করে ফের তিনি খেলতে নামেন আইপিএল। চেন্নাই সুপার কিংসও মায়ার টানে তাকে বারংবার সুযোগ দিয়েছে তাকে।
গত তিন আসর ধরে, ওয়ান লাস্ট টাইমের বুলি আওড়ানো হয়েছে। কিন্তু ধোনির অধ্যায়ের শেষ লাইনটা ক্রমশ দীর্ঘায়িত হয়েছে। স্টেডিয়াম ভর্তি দর্শকও চেয়েছেন তাকে দেখতে। তিনি মাঠে নেমেছেন আর গগনবিদারী চিৎকারে কেঁপে উঠেছে ভারতের প্রতিটা স্টেডিয়াম।

ধোনির সম্ভবত শেষ ম্যাচেও ঘটেছে একই ঘটনা। ডেওয়াল্ড ব্রেভিস ইনিংসের শেষ বলে আউট হয়েছেন। আহমেদাবাদের দর্শকরা উচ্ছ্বাসের ভয়ংকর নিনাদে কাঁপিয়ে দিলেন। স্রেফ ধোনি ব্যাট করতে নামবেন, তেমনটা ভেবে। কিন্তু ধোনিকে আর ব্যাট করতে দেখা গেল না।
সম্ভাব্য শেষ বেলায়, জয় পেয়েছেন তিনি। কিন্তু গোটা মৌসুম জুড়েই নিদারুণ বাজে কেটেছে তার যাত্রা। চেন্নাই সুপার কিংস থেকেছে টেবিলের তলানিতে। মুদ্রার এপিঠ-ওপিঠ সবটাই দেখা হয়ে গেছে ধোনির। এমনকি সারা ক্যারিয়ার জুড়ে যিনি ভেসেছেন বন্দনায়, তিনি সমালোচনার তেঁতো সত্যের মুখোমুখিও হয়েছেন।
তারপরও ভারতের ক্রিকেটে, আইপিএলে ধোনি একটা ম্যাটার করে। তাই তো, স্টার স্পোর্টস কিংবা ভারতীয় গণমাধ্যম – সব জায়গায়ই প্রশ্ন একটাই – এই দেখাই কি শেষ দেখা! দর্শকদের মন ভরে না। তাঁরা বলে যান, আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়।











