আগে যেখানে বেঞ্চে বসে সময় পার করা লাগতো, সেই ভ্যালেন্টিন বার্কো এখন বিশ্বকাপে আর্জেন্টিনার তুরুপের তাস! মাত্র দুই ম্যাচ – হ্যাঁ, নীল-সাদা জার্সিতে নিজের জাত চেনাতে বার্কোর লেগেছে ঠিক এতটাই সময়। বেঞ্চের গণ্ডি ছেড়ে ২১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এখন আলবিসেলেস্তেদের নতুন আশার আলো।
স্ট্রাসবুর্গের হয়ে পুরো মৌসুম জুড়ে মাঠ কাঁপানো এই তরুণ তাঁর সেই চেনা ফর্মটাই টেনে এনেছেন জাতীয় দলে। আদতে মিডফিল্ডার হলেও প্রয়োজনে ফুলব্যাক হিসেবেও সমান কার্যকরী বার্কো। সম্প্রতি হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যখন তিনি মাঠে নামলেন, তখন নিজের প্রতিভার এক অনবদ্য প্রদর্শন করলেন পুরো মাঠ জুড়ে।

প্রথমার্ধে মাঠে নেমে সবচেয়ে বেশি বল টাচ করার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ করে তৈরি করেছেন নিশ্চিত গোলের সুযোগ। দুর্দান্ত অ্যাকুরেসি রেটে দিয়েছেন অনেকগুলো পাস। পুরো মাঠজুড়ে তাঁর ক্লান্তিহীন ছুটে চলা আর ক্ষুরধার পাসিং দেখে মুগ্ধ হয়েছেন ডাগআউটে থাকা মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি থেকে শুরু করে গ্যালারির হাজারো দর্শক।
আর্জেন্টিনা দলের মাঝমাঠের চিরচেনা ‘ইঞ্জিন’ রদ্রিগো ডি পলের জায়গায় বদলি হিসেবে নেমেছিলেন বার্কো। বয়সের ভারে ডি পলের সেই চেনা ক্ষীপ্রতা এখন কিছুটা ম্লান, আর ঠিক এই জায়গাতেই কোচের জন্য এক পরম ভরসার নাম হয়ে উঠতে পারেন তরুণ বার্কো। তিনি যেন ডি পলের যোগ্য উত্তরসূরি।

২০২২ সালের পর আবারও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সোনালী স্বপ্ন বুকে নিয়ে এবার মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর স্ক্যালোনির সেই বিশ্বজয়ের পরিকল্পনায় প্রতিপক্ষকে বোকা বানাতে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারেন এই ভ্যালেন্টিন বার্কো।










