আক্রমণে নয়, রক্ষণে জয়

আক্রমণভাগ হয়তো দর্শকদের চোখের তৃষ্ণা মেটায়, কিন্তু শিরোপা জয়ের মুকুটটা শেষমেশ সেই দলের মাথাতেই ওঠে, যাদের রক্ষণভাগ হয়ে ওঠে অভেদ্য এক দুর্গ।

অ্যাটাক উইনস ইউ দ্য গেইম, ডিফেন্স উইনস ইউ দ্য টাইটেল! পরিসংখ্যান মতে, ফুটবল বিশ্বের এই চিরন্তন সত্যটিই যেন বুকে ধারণ করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আক্রমণভাগ হয়তো দর্শকদের চোখের তৃষ্ণা মেটায়, কিন্তু শিরোপা জয়ের মুকুটটা শেষমেশ সেই দলের মাথাতেই ওঠে, যাদের রক্ষণভাগ হয়ে ওঠে অভেদ্য এক দুর্গ।

সাম্প্রতিক সময়ে ​লিওনেল স্কালোনির শিষ্যরা যেন গোল হজম করার অভ্যাসটাই ভুলে গেছে। পরিসংখ্যান বলছে, গত ৩৯টি ম্যাচের মধ্যে ২৮টিতেই তারা ক্লিন শিট রেখেছে, যা শতাংশের হিসেবে ৭১.৮ ভাগ। পুরো সময়ে মাত্র ১৪টি গোল খাওয়া তাদের রক্ষণভাগের ইস্পাতকঠিন শৃঙ্খলারই জয়গান গায়, যেখানে বিশ্বমঞ্চে অন্য দলগুলো তাদের ধারেকাছেও নেই।

রক্ষণভাগের এই দৃঢ়তায় মরক্কোও দারুণ চমক দেখাচ্ছে, যারা তালিকার দ্বিতীয় অবস্থানে থেকে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। তালিকার শীর্ষ পাঁচের বাকি দলগুলোর মধ্যে সেনেগাল, জাপান এবং ডিআর কঙ্গোও প্রমাণ করেছে যে, পরিকল্পনামাফিক রক্ষণভাগ সাজাতে পারলে সাফল্য পাওয়া কেবল সময়ের ব্যাপার।

অথচ এই পরিসংখ্যানের আয়নায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে দেখলে এক দীর্ঘশ্বাসই বেরিয়ে আসে। ফুটবলের ব্যাকরণ অনুযায়ী আক্রমণ আর রক্ষণের যে ভারসাম্য থাকা প্রয়োজন, সেলেসাও বহরে এখন তারই বড় অভাব। ৪৮টি দেশের তালিকায় ৪৩তম স্থানে তাদের অবস্থান!

পরিস্থিতি এতটাই নাজুক যে, বিশ্বকাপের আগে নিজেদের শেষ পাঁচটি ম্যাচেও তারা জাল অক্ষত রাখতে ব্যর্থ হয়েছে। ৩৭টি ম্যাচের মধ্যে মাত্র ১১টিতে ক্লিন শিট পাওয়া কোনোভাবেই চ্যাম্পিয়ন হওয়ার মতো রক্ষণভাগের পরিচয় নয়।

​শুধু ব্রাজিল নয়, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের জায়ান্টরাও রক্ষণভাগের সমস্যায় বেশ জর্জরিত। তাদের রক্ষণভাগের এই নড়বড়ে দশা তাদের শিরোপা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link