রোনালদো নাজারিওর ২০০২ বিশ্বকাপের সেই অর্ধেক মাথা কামানো, অর্ধেক চুল রাখা অদ্ভুত হেয়ারস্টাইল হোক বা বেকহ্যামের কর্নরো, ফুটবলের ইতিহাসে হেয়ার স্টাইল আর খেলা যেন সবসময় হাত ধরাধরি করেই চলে এসেছে। প্রতিবার বিশ্বকাপ শুরু হলেই দর্শকদের মনে আগ্রহ জাগে, এবার কোন ফুটবলারের বাহারি চুল নজর কাড়বে পুরো বিশ্বের! মাঠের খেলা শুরুর আগেই নজর কাড়তে শুরু করেছে নামী খেলোয়াড়দের চুলের স্টাইল। আমাদের আজকের আয়োজন তাদের নিয়েই।
নিজের খেলার কৌশলে যেমন অনন্য, তেমনি স্টাইলের জগতেও যেন ফ্যাশন আইকন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই তারকা এবার খেলতে নামবেন নিজের চতুর্থ বিশ্বকাপ। যার আগে তাঁর কোঁকড়ানো আর সোনালী আভাযুক্ত চুলের নতুন কাট মুগ্ধ করেছে দর্শকদের। এই হেয়ারস্টাইলটি নেইমারের মাঠে তার চিরচেনা শৈল্পিক ড্রিবলিংয়ের মতোই নান্দনিক আর দর্শকদের দৃষ্টি কাড়ার মতো।
তরুণ ফুটবলারদের মধ্যে স্পেনের লামিন ইয়ামালকে ধরা হয় বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান হিসেবে। মাঠে যেমন নিজের পায়ের জাদুতে বিস্মিত করেন লামিন, তেমনি নিজের প্রথম বিশ্বকাপের আগে নতুন চুলের কাট দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। নিজের স্কিলে যেমন নতুনত্ব নিয়ে আসেন হরহামেশা তেমনি স্পাইকি চেক্সচার্ড চুল দিয়েও স্টাইলে নতুনত্ব এনেছেন লামিন।

পরিশ্রম আর সাহসের এক দূরন্ত উদাহরণ আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ। প্রতিপক্ষের জালে দুর্দান্ত সব গোলের পর আলভারেজ ভক্তদের নজর নিজের দিকে করে নিয়েছেন চুলের স্টাইল দিয়ে। আলভারেজের সোনালী একমাথা জ্বলজ্বলে চুল যেন ভক্তদের নিয়ে যায় কয়েক যুগ আগে।
কদিন আগেই বার্সেলোনায় যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন ইংলিশ তরুণ অ্যান্থনি গর্ডন। প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডে জার্সি গায়ে নামা গর্ডনের পায়ের দিকে নয়, দর্শকদের নজর থাকবে তাঁর মাথাভর্তি কোকড়ানো সোনালী চুলে।
আর্লিং হালান্ডের লম্বা পনিটেইল চুল ফুটবল ভক্তদের নজর কেড়েছে অনেক কাল আগেই। কিন্তু, বিশ্ব যেন এবার নতুন করে আবার দেখতে পাবে এই ভাইকিংসের দীর্ঘদেহের দীর্ঘচুল। নরওয়েকে দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে নিয়ে আসা এই গোলমেশিন বিশ্বকাপে থাকবেন দর্শকদের নিজের স্টাইলে মুগ্ধ করতে।

বিশ্বকাপ মাঠে গড়ালেই ৪৮ দেশের আরও বহু খেলোয়াড়কে দেখা যাবে নিজেদের স্টাইল দিয়ে নজর কাড়তে। বল পায়ে জাদু দেখিয়ে কারা বিশ্বকাপের বহুমূল্য শিরোপা নিজেদের ঘরে নিয়ে যায় তার দিকে নয়, পুরো বিশ্বের নজর থাকে পছন্দের ফুটবলারের চোখ কেড়ে নেওয়া স্টাইলের দিকেও।










