অধিনায়কত্বের মুকুট ফিরে পাবেন বাবর?

নিন্দুকেরা তো লিখে ফেলেছিলেন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের এপিটাফ। কিন্তু বাবর আজম যেন অন্য ধাতুতে গড়া।

এইতো কয়েক মাস আগের কথা। পাকিস্তান ক্রিকেটের অলিন্দে তখন শোরগোল – ‘বাবর আজমের দিন কি শেষ?’ বিশ্বকাপের ব্যর্থতায় তার দলে টিকে থাকা নিয়েই উঠেছিল হাজারো প্রশ্ন। নিন্দুকেরা তো লিখে ফেলেছিলেন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের এপিটাফ। কিন্তু বাবর আজম যেন অন্য ধাতুতে গড়া। পিএসএলের মঞ্চে ব্যাট হাতে তিনি শুধু রানই করেননি, নিজের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের ঘোষণাও দিয়ে রাখলেন।

​পিএসএল শুরুর আগে বাবরের পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে। নেতিবাচকতার সেই পাহাড় ডিঙিয়ে তিনি যখন পেশোয়ার জালমির হয়ে মাঠে নামলেন, তখন যেন ধারণ করলেন অন্য এক রূপ।

১১ ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৫ এর উপরে স্ট্রাইকরেটে ৫৮৮ রান সংগ্রহ করেছেন বাবর। জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে বাবর প্রমাণ করলেন ‘ক্লাস ইজ পার্মানেন্ট’। সমালোচকদের কলম থমকে দিয়ে পেশোয়ারকে নিয়ে গেলেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায়।

জাতীয় দলের জার্সি গায়ে বাবরের অধিনায়কত্ব মানেই এক অম্ল-মধুর কাব্য। ২০২০ থেকে ২০২৩ – এর সেই লম্বা পথচলা কিংবা ২০২৪ বিশ্বকাপের সেই সংক্ষিপ্ত ফেরা। সবখানেই ছিল নাটকীয়তা।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর যখন তাকে সরিয়ে দেওয়া হলো, অনেকেই ভেবেছিলেন নেতৃত্বের অধ্যায় শেষ। কিন্তু পিএসএলের এই সাফল্য আবারও সেই পুরনো প্রশ্ন জাগিয়ে দিয়েছে – তবে কি আবারও বাবরের কাঁধেই উঠছে নেতৃত্বের ভার?

সাম্প্রতিক সময়ে এক সংবাদ সম্মেলনে বাবরকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার জবাবটা ছিল নিতান্তই সাদামাটা। দেশের ক্রিকেটের প্রয়োজনে যেকোন সময় অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত আছেন তিনি।

সমালোচনার তীক্ষ্ণ বাণ বাবরকে এখন আর বিদ্ধ করে না। বরং সেই সমালোচনাকে তিনি রূপান্তরিত করেছেন শক্তিতে। বাবর বলেন, ‘আমি ভালো খেলি বা মন্দ, সমালোচনা পিছু ছাড়বে না। তাই ওসব নিয়ে না ভেবে আমি শুধু নিজের ক্রিকেটে মন দিচ্ছি।’

সাম্প্রতিক ধারাবাহিক ব্যর্থতায় টি-টোয়েন্টি দলে সালমান আলী আঘার অধিনায়কত্ব এখন প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় পেশোয়ারের এই শিরোপা জয় কি তবে পাকিস্তান ক্রিকেটে বাবর অধ্যায়ের নতুন কোনো সূচনার ইঙ্গিত? উত্তরটা হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের নথিতে মিলবে। তবে কোটি ভক্তের হৃদয়ে এখন একটাই আশা- পাকিস্তানের জার্সি গায়ে বাবর আজম আবারও ফিরবেন সেই অপরাজেয় সম্রাট হয়ে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link