দুই বলে দুই ছক্কা। ভাই হয়েও ভাইকে হার্দিক পান্ডিয়া দিলেন না কোন ছাড়। ক্রুনাল পান্ডিয়া হাসতে হাসতে সম্ভবত জানতে চাইলেন, ‘কিসের ক্ষোভ মেটাচ্ছিস ভাই?’ একদিকে হার্দিক করছেন কচুকাটা, আরেকদিকে ক্রুনালকে সহ্য করতে হয়েছে বেধম প্রহারের ব্যথার জ্বালা। কিন্তু শেষ অবধি দু’ভাইয়ের মধ্যে জিতেছেন ক্রুনাল, ফাইটব্যাক করবার অনবদ্য উদাহরণ সৃষ্টি করে।
এদিন হার্দিক আগ্রাসনের শুরুটা করেছিলেন জশ হ্যাজেলউডকে ছক্কা হাঁকিয়ে। নিজের ইনিংসের প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা মেরে হার্দিক নামক টর্নেডোর যাত্রা শুরু। এরপরের বলে পুল শটে চার, কিন্তু ফিল্ডার বুঝে ফুল সুইংও করলেন না ব্যাট। তার পরের বলে আবারও ছক্কা।
হার্দিকের রুদ্রমূর্তি থেকে বাঁচতে হ্যাজেলউডও ওয়াইড দিলেন। তাতেও কাজ হয়নি। পরের বলেই আবার ছয়। সবাই যেন বিস্ময় নিয়ে ভাবছে, ‘এ কি মানুষ নাকি দৈত্য-দানব।’ মাত্র ১৫ বল টিকে ছিলেন তিনি। এই ১৫ বলে ৪২ রান তুলেছেন এই তারকা ব্যাটার। আউট হওয়া বল সহ মোট দুইটি বল দিয়েছেন ডট। চারটি আকাশ ছোঁয়া ছক্কার সাথে সাথে তিনটি মাটি কামড়ানো চারও এসেছে তার ব্যাট থেকে। তিনি স্রেফ মেতেছিলেন এক অদম্য তাণ্ডবলীলায়।

অন্যদিকে তরতর করে ক্রুনালের নামের পাশে যুক্ত হয়েছে রানের ট্যালি। প্রথম ওভারেই উইল জ্যাকস আর সুরিয়াকুমার যাদবের তোপের মুখে পড়েছিলেন ক্রুনাল। এরপর তো নিজের আপন ভাইও তাকে দিয়েছেন বুকভরা জ্বালার আঁচড়। তবুও দমে জাননি ক্রুনাল। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দলের জয় নিশ্চিত করেছেন তিনি।
স্পিনার হয়েও টানা দুই ওয়াইড ইয়োর্কার দিয়েছেন জ্যাকসকে, এরপর হুট করেই এক বাউন্সার- স্পিনার না পেসার বোঝা বড় দায়। সেই বাউন্সারে কুপোকাত উইল জ্যাকস উইকেট দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। শেষ ওভারে জয়ের জন্যে মুম্বাইয়ের প্রয়োজন ১৯ রান। উপায় না পেয়ে তিন ওভারে ৩৯ রান হজম করা ক্রুনাল হাতে তুলে নেন বল।
আর সেখানেই যেন লেখা হয় তার প্রত্যাবর্তনের অধ্যায়। শেষ ওভারের প্রথম দুই বলেই দুই উইকেট নিজের করে নেন ক্রুনাল। তারপর আনুষ্ঠানিকতার সমাপ্তি টানতে টানতে নামান ধীরকেও থামান তিনি। ব্যাস! তাতেই হাত থেকে ফসকে যাওয়া জয়কে আবার একলাফে মুঠোয় ভরে নেন ক্রুনাল।

দুই সহোদরের দ্বৈরথে প্রথম পিছিয়ে পড়েও শেষ অবধি জয়ের হাসি হেসেছেন ক্রুনাল। কিন্তু হার্দিকের ধ্বংসলীলা যেন ফিকে হয়েছে দলের পরাজয়ে। এমন দুর্ধর্ষ ব্যাটিং করেও হেরে যাওয়া যেন রীতিমত অন্যায়। ইনিংস শেষ করতে না পারায় দায়টা নিশ্চয়ই হার্দিকের উপর বর্তায়।











