লর্ডসে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর ইংলিশ ড্রেসিংরুমে উৎসবের মেজাজ থাকার কথা ছিল। কিন্তু সেই আনন্দই এখন বেন স্টোকসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। জয়ের পর ‘বিয়ার শেয়ার’ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক, অথচ সেই বিয়ার পান করতে গিয়েই এক নাইটক্লাব কাণ্ডে জড়িয়ে পড়েছেন তিনি।
লন্ডনের একটি নাইটক্লাবে ঘটা এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় খোদ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্টোকসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ক্রিকেটারদের জন্য দলের নিয়ম বা ‘প্রোটোকল’ ভাঙাটা এখন কোনোভাবেই সহ্য করবে না ইসিবি।
লর্ডস টেস্টের পরই গাস অ্যাটকিনসনকে নিয়ে নাইটক্লাবে উপস্থিতি হন স্টোকস। পরবর্তীতে সেখানে সারাসেনস রাগবি ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে বাগবিতণ্ডা কিংবা ঝামেলায় জড়িয়ে পড়েন তারা। বিষয়টি বোর্ডের কাছে শৃঙ্খলার বড় ধরনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। যদিও কোনো পক্ষই বড় কোনো শারীরিক আঘাত পায়নি।

এই ঘটনা ইংল্যান্ড দলের দীর্ঘদিনের শৃঙ্খলাজনিত সমস্যার দিকে আবারও আঙুল তুলছে। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, স্টোকসকে টেস্ট দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনাও করছে ইসিবি।
আগে অস্ট্রেলিয়া সফর এবং অ্যাশেজ সিরিজ হারের সময় থেকেই দলের ভেতরে মদ্যপানের সংস্কৃতি নিয়ে রব কি ও ব্রেন্ডন ম্যাককালামের মতো কর্মকর্তাদের জবাবদিহি করতে হয়েছিল। তাছাড়া, ২০১৭ সালের ব্রিস্টল নাইটক্লাব কাণ্ড এখনো স্টোকসের ক্যারিয়ারের অন্যতম বিতর্কিত অধ্যায় হয়ে আছে।
পরিস্থিতি যদি শেষ পর্যন্ত স্টোকসের বিপক্ষে যায়, তবে হ্যারি ব্রুককে নতুন অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিষয়টি বেশ নাটকীয় বটে, কারণ ব্রুক নিজেও অতীতে নাইটক্লাব কাণ্ড ও শৃঙ্খলার দায়ে জরিমানা গুনেছিলেন।












