অফ স্ট্যাম্পের বাইরে, ইতিহাসের অলিন্দে

পিচটা রোদে শুকিয়ে কাঠ হয়ে গেছে। উইকেটের ফাটলগুলো যেন ক্রমশ প্রসারিত হচ্ছে। স্টেডিয়ামের গুঞ্জন থেমে গেছে এক মুহূর্তের জন্য। গ্লেন ম্যাকগ্রা রানআপ নিচ্ছেন।

পিচটা রোদে শুকিয়ে কাঠ হয়ে গেছে। উইকেটের ফাটলগুলো যেন ক্রমশ প্রসারিত হচ্ছে। স্টেডিয়ামের গুঞ্জন থেমে গেছে এক মুহূর্তের জন্য। গ্লেন ম্যাকগ্রা রানআপ নিচ্ছেন। নিখুঁত, ছন্দোবদ্ধ গতি। ব্যাটসম্যান অপেক্ষায়, জানেন—এটা সাধারণ কোনো ডেলিভারি হবে না।

বল ছাড়ার মুহূর্তে ম্যাকগ্রার চোখে অদ্ভুত স্থিরতা। নিখুঁত ব্যাক অব দ্য লেন্থ, অফ স্টাম্পের বাইরে পড়া বল সামান্য বাইরের দিকে নড়ল। ব্যাটসম্যান খেলতে গেলেন, কিন্তু মুহূর্তের ভুল! ব্যাটের কানায় লেগে বল চলে গেল উইকেটরক্ষকের হাতে।

এটাই ম্যাকগ্রা, দ্য ফিয়ারসাম গ্লেন ম্যাকগ্রা। কোনো নাটকীয় উল্লাস নেই, শুধু সোজা হয়ে দাঁড়িয়ে হাত তুলে সেলিব্রেশন। নিখুঁত পরিকল্পনার কি অবিশ্বাস্য বাস্তবায়ন।

গ্লেন ম্যাকগ্রার ক্রিকেট জীবনটা ঠিক এমনই ছিল—শৃঙ্খলার মূর্ত প্রতীক। না, তিনি সর্বকালের সবচেয়ে দ্রুত গতির পেসার ছিলেন না, তার হাতে ছিল না ভয়ংকর সুইং কিংবা ইয়র্কারের জাদু। কিন্তু তার ছিল এক অবিশ্বাস্য দক্ষতা—একটি নির্দিষ্ট জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বল ফেলতে পারার ক্ষমতা।

তবে, ম্যাকগ্রার গল্পটা শুধুই উইকেটসংখ্যার নয়, শুধু আগ্রাসী স্পেল বা নিখুঁত লাইন-লেন্থেরও নয়। তার গল্পটা আত্মবিশ্বাসের, শৃঙ্খলার, আর অসম্ভবকে সম্ভব করে ফেলার এক অনুপ্রেরণার।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ছোট্ট শহর ডাবোতে জন্ম ম্যাকগ্রার। বলার মতো কোনো ক্রিকেট ঐতিহ্য ছিল না, সুযোগও ছিল সীমিত। কিন্তু এক যুবক ঠিক করে ফেললেন, তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন। ক্রিকেট বিশ্বে তার নাম থাকবে স্বর্ণাক্ষরে।

সমস্যা একটাই—শুরুতে তিনি ততটা প্রতিভাবান ছিলেন না। গতি ছিল, কিন্তু আগ্রাসন বা বৈচিত্র্য ছিল না। ব্যাটসম্যানকে কাঁপিয়ে দেওয়ার মতো স্কিল তখনও আয়ত্ত হয়নি। তবে ম্যাকগ্রা জানতেন, প্রতিভার চেয়ে পরিশ্রমই আসল। তিনি নিজেকে একটাই মন্ত্র শেখালেন — আমি আরও নিখুঁত হতে চাই।

সেই নিখুঁত হওয়ার অভিযাত্রায় তিনি নিজের অস্ত্র বানালেন লাইন-লেন্থ। ঘণ্টার পর ঘণ্টা নেটে বল করে শিখলেন কীভাবে একই জায়গায় অবিচল থেকে বল ফেলতে হয়। যদি ব্যাটসম্যান ভুল করে, তবেই উইকেট আসবে। আর তাই হল!

ডাবোর ছোট্ট শহর থেকে উঠে আসা এক তরুণ, যার গতি ছিল কিন্তু গ্ল্যামার ছিল না। প্রতিভা নিয়ে সংশয় ছিল, কিন্তু অধ্যবসায়ে ছাড় দেননি। নিজের অস্ত্র নিজেই তৈরি করলেন—নিখুঁত লাইন-লেন্থ, অফ স্টাম্পের বাইরে টানা একই জায়গায় বল ফেলে ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করা।

৫৬৩ টেস্ট উইকেট, বিশ্বকাপে ৭ উইকেটে ১৫ রান, তিনটি বিশ্বকাপ জয়—সংখ্যাগুলো ম্যাকগ্রার রাজত্বের প্রমাণ দেয়। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল মানসিকতা। ছিল বড় ম্যাচে আরও বড় হয়ে ওঠার ক্ষমতা। বিশ্বকাপ ফাইনাল হোক কিংবা অ্যাশেজের উত্তপ্ত মুহূর্ত—তিনি ছিলেন নির্ভুল, ছিলেন ভয়ঙ্কর।

গ্লেন ম্যাকগ্রার গল্প তাই শুধু একজন ফাস্ট বোলারের নয়, এটা একজন নিখুঁত শিল্পীর গল্প। যিনি ক্রিকেট পিচকে ক্যানভাস বানিয়ে, বল হাতে একে গেছেন নিখুঁত লাইন-লেন্থের এক মহাকাব্য।

আজও, যখন কোনো পেসার নির্ভুল লাইন-লেন্থের কথা ভাবে, যখন কোনো তরুণ বোলার নিখুঁত হওয়ার স্বপ্ন দেখে, তখন গ্লেন ম্যাকগ্রার গল্পটা অনুপ্রেরণা হয়ে উঠতে পারে – এক নিখুঁত শিল্পীর মতো, যার বোলিং ছিল খোদ ক্রিকেটের জন্যই অনুকরণীয় এক আদর্শ।

সময় গড়িয়েছে, খেলা বদলেছে। কিন্তু সবুজ ঘাসে এখনও ভেসে আসে তার নিখুঁত লেন্থে পড়া বলের প্রতিধ্বনি। তখনই গ্লেন ম্যাকগ্রার নস্টালজিয়ায় পেয়ে বসে। ক্রিকেটের ক্যানভাসে ম্যাকগ্রার আঁকা সেই শিল্পকর্ম কখনোই মুছে যাবে না—সময়ের আবর্তে, ইতিহাসের অলিন্দে, অফ স্টাম্পের ঠিক বাইরের প্রতিটা ডেলিভারিতে তিনি বেঁচে থাকবেন চিরকাল।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link