বালোগানের লাল কার্ডকে চ্যালেঞ্জ করতে পারবে যুক্তরাষ্ট্র?

প্রতিপক্ষ তারিক মুহারেমোভিচের গোড়ালিতে পা পড়ে যাওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন বালোগান। ভিএআর পর্যালোচনার পর রেফারি রাফায়েল ক্লাউস সিদ্ধান্ত বহাল রাখলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় যুক্তরাষ্ট্রকে।

শেষ ৩২-এ জয় পেয়েও পুরোপুরি স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র। বরং শেষ ষোলোর আগে তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ফোলারিন বালোগান। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে পাওয়া লাল কার্ডের কারণে বেলজিয়ামের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হবে মার্কিনদের। প্রশ্ন উঠেছে, এই লাল কার্ড কি আপিল করে বাতিল করা সম্ভব? সংক্ষিপ্ত উত্তর—না।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে প্রতিপক্ষ তারিক মুহারেমোভিচের গোড়ালিতে পা পড়ে যাওয়ায় ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখানো হয় বালোগানকে। এরপর প্রায় ৩০ মিনিট  ১০ জন নিয়েই খেলতে হয় যুক্তরাষ্ট্রকে। তবুও ২-০ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা।

ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন রেফারির বিচারগত সিদ্ধান্তই চূড়ান্ত। তাই এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে লাল কার্ড বাতিল করার সুযোগ নেই। তবে যদি ডিসিপ্লিনারি কমিটি এক ম্যাচের বেশি নিষেধাজ্ঞা দেয়, সেক্ষেত্রে অতিরিক্ত শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে ইউএস সকার।

তবে ঘটনাটি নিয়ে ভিন্ন মত দিয়েছেন সাবেক ফিফা রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ। তার মতে, বালোগানের ট্যাকলে ইচ্ছাকৃত আঘাত, অতিরিক্ত শক্তি কিংবা বিপজ্জনক আচরণের কোনো উপাদান ছিল না। এটি ছিল একটি দুর্ঘটনাজনিত সংঘর্ষ, যা লাল কার্ডের মতো কঠোর শাস্তির যোগ্য নয়।

যদিও ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে ঘটনাটি পর্যালোচনা করে শাস্তির মেয়াদ বাড়াতে পারে, তবে এমন সিদ্ধান্তের সম্ভাবনা খুবই কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামনে এখন সমীকরণ একটাই। শেষ ষোলোর সবচেয়ে বড় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে হবে তাদের অন্যতম সেরা গোলদাতাকে ছাড়াই। আর সেই অনুপস্থিতি পচেত্তিনোর দলের জন্য কতটা বড় ধাক্কা হয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার অপেক্ষা।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link