টেস্ট ম্যাচে দিনের খেলা শুরু হয় সকালবেলায়, আর চলে সূর্য ঢলে পড়া পর্যন্ত। দীর্ঘ সময় ধরে চলা এই খেলার মাঝে দু’বার বিরতি পাওয়া যায়— একবার মধ্যাহ্নভোজের, আরেকবার চা পানের।
দর্শকদের অনেকেই হয়তো ভাবেন, এই বিরতির সময়টা কেমন কাটে ক্রিকেটারদের? চা বিরতিতে কি তাঁরা চা খান? লাঞ্চে পেট ভরে খাওয়াদাওয়া করেন? নাকি এর পেছনে আছে একেবারে অন্য কোনও পরিকল্পনা?
এই নিয়েই মুখ খুলেছেন ইংল্যান্ডের ব্যাটার ওলি পোপ। ব্রিটিশ চ্যানেল ‘স্কাই স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাধারণ মাংস, মাছ, পাস্তা এ সবই খায় ক্রিকেটারেরা। আমিও তাই খাই। যতটা সম্ভব নিজের মধ্যে জ্বালানি বাড়িয়ে নিতে চাই সকলেই। তবে আমি যদি ব্যাটিংয়ে থাকি, অর্থাৎ ইনিংস চলাকালীন বিরতি হয়, তাহলে কিন্তু ভারী কিছু খাই না। শরীর যেন হঠাৎ ভারী না হয়ে যায়, সে দিকটাও দেখতে হয়।’

ব্যাটিংয়ের মাঝখানে তাই হালকা কিছুতেই ভরসা রাখেন পোপ, বলেন ‘প্রোটিন শেক, কলা এসব খেয়েই পেট ভরাই। মাঝে মাঝে তো এমনও হয় যে, পুরো দিনটাই ব্যাটিং করে কেটে যায়, খাওয়ার সময়ই পাওয়া যায় না। তখন দিনের শেষে গিয়ে ঠিকঠাক খাওয়া হয়।’
তবে চা-বিরতিতে কি হয়? সেখানে কি আদৌ চা চলে? এই প্রশ্নে একটু হেসেই পোপের জবাব, ‘হ্যাঁ, কেউ কেউ সত্যিই চা খান। তবে আমি ব্যক্তিগতভাবে কফি পছন্দ করি। হালকা ঠান্ডা আবহাওয়া বা বৃষ্টির দিন হলে অবশ্য চায়ের কাপে চুমুক দেওয়াটাও মন্দ লাগে না।’
ভারতের বিপক্ষে চলতি সিরিজে মিশ্র ফর্মে দেখা গেছে ওলি পোপকে। প্রথম টেস্টে শতরান হাঁকানোর পর খুব একটা হাসেনি তাঁর ব্যাট। যদিও দলের অবস্থান এখন বেশ ভালো, তবে সিরিজের চতুর্থ টেস্টে নিশ্চয় ফিরতে চাইবেন স্বমহিমায়!












