স্পেশাল ট্যালেন্ট তানজিদের প্রথম ওয়ানডে শতক

তানজিদ হাসান তামিম 'দ্য স্পেশাল ট্যালেন্ট'। ক্যারিয়ারের শুরুর ধাক্কাটা সামলে তামিম যেন অগ্রসর হচ্ছে শ্রেষ্ঠত্বের পথে। যার সূচনা সম্ভবত হয়ে গেল পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে।

তানজিদ হাসান তামিম ‘দ্য স্পেশাল ট্যালেন্ট’। একজন ব্যাটার যদি ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়া ফাস্ট বোলারকে ছক্কা হাকাতে পারে, স্পিনারকে এক্সট্রা কাভারের উপর দিয়েও ছক্কা হাঁকাতে পারে, তবে তিনি ‘স্পেশাল’। ক্যারিয়ারের শুরুর ধাক্কাটা সামলে তামিম যেন অগ্রসর হচ্ছে শ্রেষ্ঠত্বের পথে। যার সূচনা সম্ভবত হয়ে গেল পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে।

তানজিদ হাসান তামিমের জাতীয় দল ক্যারিয়ারটার শুরু হয়েছিল ওয়ানডে ফরম্যাট দিয়ে। সোজা এশিয়া কাপ থেকে বিশ্বকাপ- গুরুত্বপূর্ণ মঞ্চে তাকে নামিয়ে দেওয়া হয়। সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ওয়ানডেতে নিজের জায়গা পোক্ত করার আগেই, টি-টোয়েন্টিতে বিপ্লবী বনে গিয়েছিলেন তিনি।

তবে সাদা বলের ক্রিকেটে তিনি ধ্রুবতারা হতে চান। নিজেকে সে পথেই রেখেছেন তরুণ এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে  দু’টো ইনিংসে খেললেন পঞ্চাশোর্ধ ইনিংস, একটিকে তো পরিণত করলেন তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে। মাঝের একটি ম্যাচে রান করতে পারেননি বটে। কিন্তু তাতে তাকে ব্যর্থ বলার উপায় নেই। তিনি রয়েছেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে।

ধারাবাহিকভাবেই রান আসছে তার ব্যাট। ফরম্যাট সেটা যাই হোক। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এমন দিনে বেশ দায়িত্ব নিয়ে ব্যাটিং করে গেছেন তানজিদ তামিম। দলকে সঙ্গ করে তিনি এগিয়ে গেছেন ব্যক্তিগত মাইলফলকের দিকে। ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

৯৪ রানের মাথায়, সালমান আলীর বিপক্ষে স্টেপ আউট করে ছক্কা হাঁকানোই বরং বলে দেয় তামিমের আত্মবিশ্বাস ঠিক কোন উচ্চতায় রয়েছে। নির্ভয়ের দামামা বাজিয়ে তিনি যেন জানান দিচ্ছেন নিজের রাজ্যাভিষেক। তিনি তো হাজির হয়েছেন রাজত্ব করতেই। সাত খানা ছক্কা ও ছয় চারের ১০৭ রানের ইনিংসটি এক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেইলার।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link