ডিপ স্কয়ার লেগে বাউন্ডারির ওপারে বল পাঠিয়ে লিটন দাস পকেট থেকে বের করলেন ছোট্ট একটা কাগজ। তাতে লেখা, “শুভ জন্মদিন রাজকন্যা, এই সেঞ্চুরি তোমার জন্য।” মনে হলো, ওয়ান্ডারার্সে সেঞ্চুরি করেননি বাংলাদেশের ব্যাটার, করেছেন এক বাবা। মেয়ের জন্মদিনে এর চেয়ে সুন্দর উপহার ক্রিকেটার বাবার পক্ষে আর কী ই বা হতে পারে? ড্রেসিংরুমের সবাই তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে।
লিটন যখন ক্রিজে নামলেন, বাংলাদেশ তখন ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে। ঝড়ের মধ্যে একা হাল ধরে রেখেছিলেন তাওহিদ হৃদয়। লিটন যেন ক্রিজে গিয়েই বলে দিলেন, তুমি একা নও, আমিও আছি। সেখান থেকে শুরু হলো এক অবিচল ব্যাটিং। রাবাদা শুরু থেকেই একের পর এক উইকেট তুলে নিয়েছেন, কিন্তু লিটন তাঁকে পাত্তাই দিলেন না। বাকি বোলারদের নিয়ে করলেন ছেলেখেলা। কখনো হাঁটু গেড়ে সুইপ, কখনো এগিয়ে এসে ড্রাইভ, কখনো পুল। প্রতিটা শটেই মনে করিয়ে দিলেন, কেন তাঁকে ক্রিকেটের মোনালিসা বলা হয়। রানের গতিও বাড়ালেন, বাংলাদেশের ঠিক সেই মুহুর্তে যেটার দরকার ছিল।
অথচ কিছুদিন আগেও লিটনকে নিয়ে প্রশ্নের শেষ ছিল না। কয়েকটা ডাক, ফর্মহীনতা, চারদিকে গুঞ্জন! লিটন কি আবার হারিয়ে যাচ্ছেন? কিন্তু সেরারা হারায় না। দরকারের সময় তাঁরা জ্বলে ওঠেন দ্বিগুণ শক্তিতে। লিটনও ঠিক তাই করলেন।

সাউথ আফ্রিকার কন্ডিশনে যা করা দরকার ছিল, তিনি হুবহু সেটাই করেছেন। দল যখন আরেকটা ব্যাটিং বিপর্যয়ের দিকে হাঁটছিল, তখন সামলে নিয়ে হৃদয়ের সঙ্গে গড়েছেন ২০০ ছাড়ানো জুটি। ২৩৪ বল খেলে ১৩৭ রানে হৃদয় যখন ফিরলেন, ততক্ষণে ম্যাচের গল্পটা বদলে গেছে।
পরদিন সকালে তিনিই এগিয়ে গেলেন সেঞ্চুরির দিকে। জোহানেসবার্গের মাঠে যে বাবা পকেটে মেয়ের জন্য একটা শতক লিখে এনেছিলেন,তাঁর হাতে সেই কাগজটাই সবচেয়ে দামি স্কোরকার্ড। সব সমালোচনার জবাব কখনো কখনো ব্যাট দিয়ে নয়, ভালোবাসা দিয়েও দেওয়া যায়।











