মাঠের তপ্ত রোদে কিংবা ফ্ল্যাড লাইটের আলোতে যখন তিনি বল কিংবা ব্যাট হাতে মাঠে নামেন ,গ্যালারির হাজারো চোখ দেখে কেবল এক বিধ্বংসী অলরাউন্ডারকে। কিন্তু সেই ক্রিকেটারের হাতের তালুতেই মিশে আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সূক্ষ্ম হিসাব নিকাশ। তিনি ইতালির বোলিং অলরাউন্ডার গ্র্যান্ট স্টুয়ার্ট। যিনি একদিকে ২২ গজের ঘাসে উইকেট উপড়ে ফেলেন, অন্যদিকে নির্মাণ শৈলীর ড্রয়িং বোর্ডে আঁকেন আগামীর দালান।
অস্ট্রেলিয়ার কালগুর্লিতে জন্ম নেওয়া স্টুয়ার্ট মিডিয়াম ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতি ব্যাটার হিসেবেও পরিচিত। তিনি ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও তার পেশাদার ক্যারিয়ার বিস্তৃত ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট পর্যন্ত।
২০১৭ সালে কেন্ট কাউন্টি ক্লাবের হয়ে পেশাদার চুক্তি সই করার পর থেকে তিনি সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছেন।

ক্রিকেটের পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব নিউক্যাসল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। এমনকি পেশাগত জীবনের শুরুতে অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন, যা তার বহুমুখী দক্ষতার প্রমাণ।
ইতালির জার্সি গায়ে এখন অবধি ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪৭৫ রান করেছেন স্টুয়ার্ট। বল হাতে নিয়েছেন ১৮টি উইকেট। ইতালির প্রথম বিশ্বকাপ অংশগ্রহণের ইতিহাসের অংশ হিসেবে চলমান বিশ্ব আসরেও রয়েছে তার নাম।
স্টুয়ার্ট প্রমাণ করে দিয়েছেন ডেডিকেশন আর কঠোর পরিশ্রমের ফলে মানুষ সবকিছুই অর্জন করতে পারে। পেশা আর প্যাশন একসাথে নিয়েই এগিয়ে যাওয়ার এক অনন্য নজির গড়েছেন তিনি।











