দুই দেশের জার্সি গায়ে ক্রিকেট খেলেছেন, এমন ক্রিকেটারের সংখ্যা নেহায়েৎ কম না। এবার সেই বিশেষ তালিকাতেই যুক্ত হওয়ার পথে টিমোথি জেমস জেরার্ড প্রিঙ্গল। নেদারল্যান্ডস থেকে এবার নিউজিল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় আছেন তিনি।
গত বছরের বাংলাদেশ আর নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দেখে থাকলে টিম প্রিঙ্গলকে অচেনা মনে হওয়ার কোনো কারণ নেই। চশমা পড়েন, বাঁ-হাতি স্পিনার। মুখে হাসি লেগে থাকা প্রিঙ্গল গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের সাথে খেলেছিলেন দুটি বিশ ওভারের ম্যাচ। দুই ম্যাচেই উইকেট পেয়েছেন, বোলিংও বেশ নিয়ন্ত্রিত।

নেদারল্যান্ডস ছেড়ে এখন ওশেনিয়ার নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে সেদেশের ‘এ’ দলের হয়ে খেলে ফেলাও তাঁর শেষ। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে আছেন তিনি, গলে অনুষ্ঠিত প্রথম লিস্ট ‘এ’ ম্যাচে ৪৮ রান দিয়ে একটা উইকেটও নেন তিনি।
এখন মূল দলের জার্সিটা গায়ে জড়ানোর অপেক্ষা মাত্র। ভিনদেশে জন্ম কিন্তু নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা কম নয় একেবারে। এখনকার মার্ক চ্যাপম্যানও এর আগে খেলেছেন হংকংয়ের হয়ে।

টিম প্রিঙ্গলের সাথে অবশ্য নিউজিল্যান্ডের সম্পর্ক নতুন নয়। তাঁর বাবা ক্রিস প্রিঙ্গল পুরোদস্তর কিউই। অকল্যান্ডে জন্ম নেওয়া ক্রিস ছিলেন মিডিয়াম পেসার। নিউজিল্যান্ডের হয়ে ১৪ টি টেস্ট ও ৬৪ টি ওয়ানডে খেলে নেন ১৩৩ টি উইকেট।
এমনকি পরে তিনি ডাচদের জার্সি গায়ে ইংলিশ কাউন্টি দল সারের বিপক্ষে একটা লিস্ট এ ম্যাচও খেলেন। সেই দলের অধিনায়ক ছিলেন টিম ডি লিড, যার ছেলে বাস ডি লিড এখন নেদারল্যান্ডস দলেই খেলেন। মানে টিম প্রিঙ্গলদেরই সতীর্থ তিনি।











