রাফিনহা ফিরেছেন অনুশীলনে!

আর সেই মিশনের প্রথম সকালেই নিউ জার্সি থেকে এলো এমন এক খবর, যা নিশ্চয়ই স্বস্তি দেবে সেলেসাও সমর্থকদের। ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ মিস করা রাফিনহা আবারও নেমেছেন দলের সঙ্গে অনুশীলনে।  

রাউন্ড অব ৩২-এর বাধা পেরিয়ে এখন ব্রাজিলের চোখ শেষ ষোলোতে। আর সেই মিশনের প্রথম সকালেই নিউ জার্সি থেকে এলো এমন এক খবর, যা নিশ্চয়ই স্বস্তি দেবে সেলেসাও সমর্থকদের। ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ মিস করা রাফিনহা আবারও নেমেছেন দলের সঙ্গে অনুশীলনে।

হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বার্সেলোনা উইঙ্গার। এরপর থেকেই নিবিড় পুনর্বাসন কর্মসূচিতে ছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২—দুই ম্যাচই মাঠের বাইরে থেকে দেখতে হয়েছে তাকে। তবে চিকিৎসকদের লক্ষ্য ছিল, ব্রাজিল যদি শেষ ষোলোয় ওঠে, তাহলে যেন রাফিনহাকে আবারও ম্যাচের জন্য প্রস্তুত করা যায়। সেই পরিকল্পনাই এখন বাস্তবের পথে এগোচ্ছে।

নিউ জার্সিতে দলের প্রথম অনুশীলনে রাফিনহার উপস্থিতি তাই শুধুই রুটিন ট্রেনিং নয়, বরং ব্রাজিল শিবিরের জন্য বড় এক ইতিবাচক বার্তা। যদিও তিনি শতভাগ ফিট কি না, সেটি নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলের মেডিকেল বিভাগ ধীরে ধীরে তাকে ম্যাচ ফিট করে তুলতে চাইছে।

রাফিনহার ফেরাটা আনচেলত্তির জন্য কৌশলগত দিক থেকেও দারুণ গুরুত্বপূর্ণ। তার অনুপস্থিতিতে তরুণ রায়ান দায়িত্ব সামলেছেন, তবে অভিজ্ঞতা, গতি এবং কঠিন পরিস্থিতিতে রাফিনহার কার্যকারিতা আলাদা মাত্রা যোগ করে ব্রাজিলের আক্রমণে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার বোঝাপড়া এবং ডান প্রান্তে ধারাবাহিক আক্রমণ তৈরির ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

তবে ব্রাজিল শিবিরে সব খবরই সুখকর নয়। জাপানের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। তার বাম উরুর পেছনের পেশিতে সমস্যা ধরা পড়েছে এবং শেষ ষোলোর ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। ফলে রাফিনহার প্রত্যাবর্তনের সম্ভাবনা যতটা স্বস্তি দিচ্ছে, পাকেতার ইনজুরি ঠিক ততটাই চিন্তায় রেখেছে আনচেলত্তিকে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link