বিশ্ব ক্রিকেটের মানচিত্রে লাল-সবুজের পদচিহ্ন এখন আর কেবল দ্বিপাক্ষিক সিরিজের সীমানায় আটকে নেই। সময়ের বিবর্তনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঝকঝকে দুনিয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের কদর বাড়ছে উল্কাবেগে। আর সেই জয়যাত্রার এক উজ্জ্বল প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। মাঠের লড়াইয়ে আজ যখন লাহোরের আকাশ ছাপিয়ে ক্রিকেটীয় উন্মাদনা ছড়িয়ে পড়বে, তখন কোটি বাঙালির চোখ থাকবে ডেরার সেই বীরদের ওপর, যারা বিদেশের মাটিতে দেশের ঝান্ডা উঁচিয়ে ধরতে প্রস্তুত।
পিএসএলে আজকের দিনটি যেন এক খণ্ড বাংলাদেশ। লাহোরে দিনের প্রথম প্রহরে যখন পেশোয়ার জালমি ও পিন্ডিজ মুখোমুখি হবে, তখন ২২ গজের লড়াইয়ে দেখা যেতে পারে চারজন বাংলাদেশি স্বপ্নসারথিকে।

পেশোয়ার জালমি মানেই এখন বাংলাদেশি খেলোয়াড়দের জয়জয়কার। সেই ডেরায় গতির ঝড় তুলতে প্রস্তুত দুই টাইগার পেসার নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। ব্যাটিং অর্ডারের শুরুতেই দেখা যেতে পারে উইলো হাতে দারুণ ফর্মে থাকা বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিমকে।
রাওয়ালপিন্ডির নব্য ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজের দলে রয়েছেন বাংলাদেশি তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ সেনানায়কের অধীনে রিশাদকে মনে করা হচ্ছে দলের তুরুপের তাস বা ‘এক্স ফ্যাক্টর’। কবজির মোচড়ে বলকে কথা বলানোর যে শিল্প রিশাদ আয়ত্ত করেছেন, তা এখন ক্রিকেট বিশ্লেষকদের মুখে মুখে।

এককালে যেখানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশের উপস্থিতি ছিল যৎসামান্য, আজ সেখানে এক ম্যাচে চারজন বাঙালির পদচারণা আক্ষরিক অর্থেই বিশ্ব টি-টোয়েন্টি দরবারে বাংলাদেশি খেলোয়াড়দের গ্রহণযোগ্যতা বৃদ্ধির পরিচায়ক। পেশোয়ারের গতির তান্ডব বনাম পিন্ডিজের ঘূর্ণি জাদু, আজকের ম্যাচটি তাই কেবল একটি লিগ ম্যাচ নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশি প্রতিভার এক নান্দনিক প্রদর্শনী।











