নাহিদ রানার জবাবে সোহানের ঝড়!

ইনিংসের পঞ্চম ওভারে গতিদানব নাহিদ রানাকে স্রেফ তুলাধোনা করে এক ওভারে নিলেন ২৬ রান!

​৩৪০ রানের পাহাড় টপকাতে হলে শুরুতেই অলৌকিক কিছু দরকার ছিল। মিরপুরের শেরে বাংলায় আজ ঠিক সেই অবিশ্বাস্য রূপকথাটাই লিখলেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান। ইনিংসের পঞ্চম ওভারে গতিদানব নাহিদ রানাকে স্রেফ তুলাধোনা করে এক ওভারে নিলেন ২৬ রান!

তিনটি বিশাল ছক্কা আর দুইটি চারের সেই তাণ্ডবে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করলেন এই ডাইনামাইট।

নাহিদ রানার ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরু করেন সোহান। দ্বিতীয় বলটি গ্যালারিতে আছড়ে ফেলেন ছক্কায়। তৃতীয় বল ডট গেলেও পরের দুই বলে টানা দুটি দানবীয় ছক্কা হাঁকান এই ডানহাতি হিটার। শেষ বলে আবার চার মেরে ওই ওভার থেকে একাই তোলেন ২৬ রান!

মাহমুদুল হাসান জয়ের সাথে জুটি চলাকালীন সোহান মাত্র ১২ বলে একাই ৪৬ রান তোলেন। যেখানে জয় খেলছিলেন ১৩ বলে ১৩ রানে।

আউট হওয়ার আগে মাত্র ২৭ বলে খেলেন ৫৯ রানের অতিমানবীয় ইনিংস। যেখানে স্ট্রাইক রেট ছিল ২১৮.৫২! ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কায়।

ঘরোয়া ক্রিকেটে হাবিবুর রহমান সোহান নামটির সাথে ‘হার্ডহিটার’ তকমাটা বেশ পুরনো। এর আগে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে নর্থ জোনের হয়ে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে টি-টোয়েন্টি সেঞ্চুরি করার অনন্য কীর্তি আছে তাঁর।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link