মিডল অর্ডারের প্রয়োজন মিটিয়ে সেঞ্চুরি হাঁকালেন হৃদয়

ওয়ানডের মিডল অর্ডার ব্যাটার হিসেবে এমন যথাযথ ব্যাটিং প্রদর্শন বাংলাদেশের জন্য সুসংবাদ। হাল ধরার জন্য প্রস্তুত আছেন তাওহীদ হৃদয়।

গত বছরটাও ওয়ানডেতে সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন তাওহীদ হৃদয়। এবারেও ওয়ানডে ফরম্যাটে বছরের শুরুর দিকেই সেঞ্চুরি তুলে নিলেন হৃদয়। নর্থ জোনের জার্সিতে সেঞ্চুরি হাঁকালেন। সংগ্রাম থেকে বেড়িয়ে দারুণ কার্যকর এক ওয়ানডে ইনিংস খেলে গেলেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার।

তিনি যখন বাইশ গজে হাজির হন, তখন তানজিদ হাসান তামিম বাইশ গজে অধিপতি হয়ে আছেন। বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকার গতি বাড়িয়ে চলেছেন। সেই সময় হৃদয়ের কাজটা ছিল সঙ্গ দিয়ে যাওয়া। তিনি সেটাই করেছেন। একজন জাত মিডল অর্ডার ব্যাটারের যে দায়িত্ব সেটা ঠিকঠাক পালনের চেষ্টাই হৃদয় করে গেছেন।

শুরুতে একটু সংগ্রাম করলেও ইনিংসের হাল ধরে একটা প্রান্ত আগলে রেখেছেন দীর্ঘক্ষণ। তার ইনিংসে বাউন্ডারি নির্ভরতা ছিল খুবই কম। মোটে আটটি চার মেরেছেন। হাওয়ায় ভাসানো কোন ঝুঁকির প্রয়াশ ছিল না। মাটি কামড়ানো সব ড্রাইভে তিনি রানের চাকাকে স্তিমিত হতে দেননি। একটা পর্যায়ে স্ট্রাইকরেটটা তার প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছিল।

কিন্তু শতকের কাছাকাছি যত তিনি এগিয়েছেন- ততই যেন রানের সাথে বলের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন। ১১০ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগার। এরপর শেজদাহতে লুটিয়ে পড়েন, সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি যে তার স্রেফ চতুর্থ শতক।

এই ইনিংসটির আগাগোড়া নিজের উপর অর্পিত দায়িত্বের যথার্থতা প্রমাণ করেছেন। শেষের দিকে আক্রমণ করতে গিয়ে আউট হয়েছেন, সেটাও অবশ্য দায়িত্ব পালনের অংশ। ওয়ানডের মিডল অর্ডার ব্যাটার হিসেবে এমন যথাযথ ব্যাটিং প্রদর্শন বাংলাদেশের জন্য সুসংবাদ। হাল ধরার জন্য প্রস্তুত আছেন তাওহীদ হৃদয়।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link