নারী এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান নারী দল। শুরু থেকেই দাপট দেখিয়ে পাকিস্তানকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল । দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্পিনারদের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৫৫ রানে অলআউট করার পর সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিন আক্রমণের সামনে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি ব্যাটিং লাইনআপ। ভারতের স্পিন তাণ্ডবের মূল নেপথ্যে ছিলেন শ্রী চারানি ও প্রেমা রাওয়াত।
পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন শ্রী চারানি। তিনি দুর্দান্ত ফ্লাইট ও টাইট বোলিংয়ে পাকিস্তানের মিডল অর্ডার ভেঙে দিয়ে মাত্র সাত রান খরচ করে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।

চারানির তৈরি করা চাপের সুযোগ নিয়ে পরে এসে আক্রমণ বাড়ান প্রেমা রাওয়াত। তিনিও মাত্র নয় রানের বিনিময়ে শিকার করেন তিনটি উইকেট। এই দুই স্পিনারের বিধ্বংসী স্পেলই মূলত পাকিস্তানকে সর্বনিম্ন সংগ্রহের লজ্জায় ফেলে দেয়।
৫৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই ঝড় তোলে। পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানা দ্রুত উইকেট তুলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা ভারতের জয়ের পথে বাধা হতে পারেনি।
আরও ১১ ওভার দুই বল বাকি থাকতেই ভারত নির্ধারিত লক্ষ্যের বন্দরে পৌঁছে যায়। এর মাধ্যমে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বে ১৫০টি টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করেন হারমানপ্রীত কৌর। সেই সাথে তাঁর দল গ্রুপ পর্বের সব ম্যাচে জয় পেয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে পা রাখল।












