নতুন যুগে ভারতের টি-টোয়েন্টি!

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টিম ইন্ডিয়ার পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার।

ভারতীয় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিংহাসনে এবার বসতে যাচ্ছেন নতুন এক রাজা! অফফর্মে থাকা  সুরিয়াকুমার যাদবের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে দলের ব্যাটন। আর সেখানেই, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টিম ইন্ডিয়ার পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার।

নেতৃত্বের এই পালাবদল অবশ্য খুব একটা সহজ ছিল না। পর্দার আড়ালের ঘটনাগুলো নাটকীয়তার ভরপুর যেখানে প্রধান কোচ গৌতম গম্ভীর চেয়েছিলেন, দুর্দান্ত ফর্মে থাকা সাঞ্জু স্যামসনকে দলের অধিনায়ক করতে। কিন্তু গম্ভীরের সেই প্রস্তাবে বাঁধ সেধেছে খোদ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আর প্রধান নির্বাচক অজিত আগারকার।

সাঞ্জুকে নিয়ে গম্ভীরের পরিকল্পনা আলোর মুখ না দেখলেও, শ্রেয়াসের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। চাপের মুখে মাথা একেবারে ঠান্ডা রেখে ম্যাচ জেতানো এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আর ভারতের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত নেতৃত্বের ট্র্যাক রেকর্ডই শ্রেয়াসকে এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে রেখেছে। 

একদিকে যখন অধিনায়কত্বের মুকুট নিয়ে আলোচনা তুঙ্গে, অন্যদিকে সহ-অধিনায়ক পদেও আসছে বড় চমক। সুরিয়াকুমারের সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন অক্ষর প্যাটেল। তবে, শ্রেয়াসের সাথে আর তাঁকে দেখা নাও যেতে পারে। যেখানে ভারতের ভবিষ্যৎ ক্রিকেট গড়ার পরিকল্পনায় শ্রেয়াসের ডেপুটি হিসেবে থাকতে যাচ্ছেন তরুণ তুর্কি তিলক ভার্মা।

সুরিয়াকুমারের নেতৃত্বে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার রেশ এখনো কেটে যায়নি। আর এরই মধ্যে শ্রেয়ার আইয়ারের হাতে ধরে ভারতের ক্রিকেটে এক নতুন যুগের সূর্যোদয় হতে যাচ্ছে। এখন শুধু বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নতুন অধ্যায়ের পর্দা ওঠার অপেক্ষা মাত্র।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link