আর মাত্র একটা ম্যাচ, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরার অপেক্ষায় দুটো দল। সেই সাথে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দ্বৈরথ। এই ম্যাচেও নিশ্চয় আধিপত্য দেখিয়েই জিততে চাইবে সুরিয়াকুমার যাদবের দল। আর ফাইনালের মঞ্চে ভারতের এক্স ফ্যাক্টর হতে পারেন কারা, তা নিয়েই থাকছে এই আলোচনা।
- অভিষেক শর্মা
প্রথম নামটা নিশ্চিতভাবেই অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ব্যাট হাতে। সেই সাথে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনিই। ছয় ম্যাচে ৫১.৫০ গড়ে করেছেন ৩০৯ রান। যেখানে স্ট্রাইক রেটটা প্রায় ২০৫।
ব্যাট হাতে টানা তিন ম্যাচে ফিফটি করে দিয়েছেন ধারাবাহিকতার প্রমাণও। অভিষেক ক্রিজে থাকা মানেই প্রতিপক্ষের মাত্রাছাড়া দুশ্চিন্তা। তাই তো শুরুতেই ম্যাচের লাগাম ধরার জন্য তিনি হবেন ভারতের এক্স ফ্যাক্টর।

- হার্দিক পান্ডিয়া
ব্যাটে বলে ভারতের সবচেয়ে বড় আস্থার নাম হার্দিক পান্ডিয়া। দলের প্রয়োজনে তিনি হতে পারেন বাজির ঘোড়া। যদিও আসরজুড়ে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি তাঁকে। ছয় ম্যাচে করেছেন মাত্র ৪৮ রান। তবে বল হাতে ভারতের পেস ইউনিট সামলাতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা, শিকার করেছেন চার উইকেট। নামের সাথে পরিসংখ্যানের বিস্তর ফারাক থাকলেও বড় মঞ্চের চাপ সামলাতে হার্দিকের জুড়ি নেই।
- কুলদ্বীপ যাদব
এশিয়া কাপে ভারতের সেরা বোলার কুলদ্বীপ যাদব। এই চায়নাম্যানের বল যেন ব্যাটারদের জন্য খেলা একেবারেই দুঃসাধ্য। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি। ছয় ম্যাচ খেলে নিজের ঝুলিতে পুরেছেন ১৩ উইকেট। শুধু উইকেট তোলা নয়, যথেষ্ট কৃপণ বোলিং করেছেন তিনি, ইকোনমি রেট ৬.০৪। তাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কুলদ্বীপকে সামলানো।

- বরুণ চক্রবর্তী
বরুণ চক্রবর্তীর ছোড়া বল যেন এক একটা গোলকধাঁধা। এশিয়া কাপে এখন পর্যন্ত খেলেছেন পাঁচ ম্যাচ, যদিও উইকেট প্রাপ্তির সংখ্যাটা মোটে পাঁচ। তবে ৬.২৭ ইকোনমি রেটে ব্যাটারদের জন্য এক প্রান্তে চাপ সৃষ্টি করে গেছেন। আর তাতেই অন্য বোলারদের জন্য বাকি কাজটা সহজ হয়েছে। তাই বড় ম্যাচে তাঁর ভূমিকা দলের জন্য মহাগুরুত্বপূর্ণ।
- জাসপ্রিত বুমরাহ
ভারতের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর চোখ বন্ধ করেই জাসপ্রিত বুমরাহ। দলের পেস ইউনিটের প্রাণভোমরা তিনি। যদিও আসরে চার ম্যাচ খেলে নিয়েছেন পাঁচ উইকেট। ৭.৩৩ ইকোনমিটাও ঠিক বুমরাহসুলভ নয়। তবে নিজের দিনে কী করতে পারেন তা সবারই জানা। বড় মঞ্চে তিনিই হবেন ভারতের বড় ভরসা।

সব মিলিয়ে এই পাঁচজনের হাতেই নির্ভর করবে ভারতের ভাগ্য। আর পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জটা হবে এদের মোকাবিলা করা।











