তবে কি জার্মানিতেই ফিরবেন ইয়ুর্গেন ক্লপ? বাতাসে গুঞ্জন, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া জার্মানির কোচ হতে চলেছেন কিংবন্তিতুল্য এই কোচ। কার্লো আনচেলত্তি কিংবা টমাস টুখেলের আরও এক ক্লাব ফুটবলের দানব আসছেন জাতীয় দলের দায়িত্বে।
দুই বছর আগে লিভারপুলের ডাগআউটকে বিদায় জানিয়ে কোচিং থেকে বিরতি নিয়েছিলেন প্রখ্যাত জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। কিন্তু সেই বিরতি হয়তো দীর্ঘস্থায়ী হচ্ছে না। চলতি বিশ্বকাপের রাউন্ড ৩২ এ প্যারাগুয়ের কাছে হেরে জার্মানি ছিটকে যাওয়ার পর দলটির খেলোয়াড়দের গুরু হওয়ার সম্ভাবনা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ক্লপকে।
বর্তমানে দায়িত্বে থাকা জুলিয়ান নাগেলসম্যান অবশ্য নিজে দায়িত্ব না ছাড়ার কথা জানালেও বিশ্বকাপ-পরবর্তী মূল্যায়নের অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফেডারেশন কোচিং স্টাফ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

লিভারপুলে প্রায় নয় বছরের অধ্যায়ে ক্লপ শুধু শিরোপাই জেতেননি, আক্রমণাত্মক ফুটবল, তীব্র প্রেসিং এবং অনমনীয় মানসিকতার এক স্বতন্ত্র দর্শনও প্রতিষ্ঠা করেছিলেন। সেই দর্শন যদি আবার জার্মান জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়, তাহলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে বলে মত বিশ্লেষকদের।
বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থতার পর জার্মান ফুটবলে পরিবর্তনের দাবি আরও জোরালো হয়েছে। এমন সময়ে ক্লপের মতো অভিজ্ঞ ও অনুপ্রেরণাদায়ী কোচের নাম সামনে আসা সমর্থকদের কল্পনাকেও উসকে দিচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি, তবু ফেডারেশনের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পরবর্তী গল্পের মোড়।
যদি শেষ পর্যন্ত সেই ফোনকল আসে এবং ক্লপ সাড়া দেন, তবে দুই বছরের বিরতি শেষে কোচিং জগতে তাঁর প্রত্যাবর্তন শুধু জার্মানির জন্য নয়, আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আলোচিত ঘটনাতেও পরিণত হতে পারে।











