রহমত শাহ কে ঘিরে উদ্ভট গুজব

আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ’র মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন হল, রহমত শাহ কি আসলেই মারা গেছেন? এমন প্রশ্নে যখন চারপাশ উদ্বিগ্ন, তখন জানা গেলো আসল ঘটনা। মূলত একটি ভাইরাল পোস্ট ঘিরে তৈরি হয় এই বিভ্রান্তি।

ঘটনার সূত্রপাত, আফগান অলরাউন্ডার করিম জান্নাত এর একটি ইন্সটাগ্রাম পোস্ট থেকে। সেখানে তিনি রহমত শাহ’র ছবি ব্যবহার করে পশতু ভাষায় একটি শোকবার্তা প্রকাশ করেন। পোস্টের ভাষা সবার বোধগম্য না হওয়াতে গুজব ছড়িয়ে পড়ে যে রহমত শাহ মারা গেছেন।

এরপর থেকেই ক্রিকেটভক্তদের মাঝে আতঙ্ক তৈরি হয় এবং বিভিন্ন প্লাটফর্মে আলোচনার জন্ম দেয়। তবে কিছুক্ষনের মধ্যেই পরিষ্কার হয় যে রহমত শাহ কে নিয়ে ছড়ানো খবরটি সম্পুর্ণ ভিত্তিহীন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। বরং জানা যায়, পোস্টটির প্রসঙ্গ ছিল ভিন্ন এক ব্যক্তিকে ঘিরে, সেখানে রহমত শাহ’র ছবি ব্যবহার করার ফলে তৈরি হয় বিভ্রান্তি।

বত্রিশ বছর বয়সী রহমত শাহ আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে।তাঁর অভিষেক হয় ২০১৩ সালে। তারপর থেকেই দলটির অন্যতম ভরসার নাম হয়ে উঠেন তিনি। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আফগানিস্তানের হয়ে প্রথম টেস্ট ম্যাচও তিনি খেলেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঝুঁকি কতটা তা এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এল। বিশেষ করে ভাষাগত বিভ্রান্তি ও যাচাই ছাড়া তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা যে কত দ্রুত আতঙ্ক তৈরি করতে পারে, রহমত শাহকে ঘিরে সাম্প্রতিক ঘটনাটি বড় উদাহরণ।

Share via
Copy link