বিপিএলে দল কিনতে আগ্রহী লাহোর কালান্দার্স

প্রতিবারই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এই দলে ঐতিহ্যগত ভাবেই একাধিক বাংলাদেশি খেলোয়াড় থাকে - সেক্ষেত্রে তা সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমানের মতো গ্লোবাল স্টার হোক, কিংবা রিশাদ হোসেন আর পারভেজ হোসেন ইমনের মতো ইয়াং স্টার।

বাংলাদেশ ক্রিকেটের প্রতি লাহোর কালান্দার্সের ভালোবাসাটা যেন বরাবরই একটু বেশি। প্রতিবারই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এই দলে ঐতিহ্যগত ভাবেই একাধিক বাংলাদেশি খেলোয়াড় থাকে – সেক্ষেত্রে তা সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমানের মতো গ্লোবাল স্টার হোক, কিংবা রিশাদ হোসেন আর পারভেজ হোসেন ইমনের মতো ইয়াং স্টার। আর এবার সেই ভালোবাসার পরিধি আরও বাড়িয়ে দিতে চান লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি দল কেনার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশের মানুষের ক্রিকেট আবেগের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের। আমি বিপিএল বা বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হওয়ার সুযোগ খুঁজছি। বিপিএল একটি চমৎকার টুর্নামেন্ট, এবং এখানে সুযোগ আসলে আমি অবশ্যই এর অংশ হতে চাই।’

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সুবাদে আমিরাতেই অবস্থান করছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবি বসের এক বিশেষ আমন্ত্রণে গ্যালারিতে বসে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচটি উপভোগ করেন লাহোর কালান্দার্সের মালিক। এই সাক্ষাতেই বিপিএলের বর্তমান পরিস্থিতি ও এর উত্তরণ নিয়ে বিসিবি প্রধানের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে।

​বিপিএলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে সামিন জানান, ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত নানা জটিলতা ও চ্যালেঞ্জের কারণে টুর্নামেন্টটি এবার হচ্ছে না বিষয়টি তাঁর জানা আছে। তবে এর সম্ভাবনা নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। তাঁর মতে, বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেটের প্রতি যে আবেগ রয়েছে, তাতে এই লিগটি ধুঁকে ধুঁকে চলার কথা নয়।

​ফ্র্যাঞ্চাইজি কেনা ছাড়াও বিসিবির সঙ্গে একটি প্লেয়ার এক্সচেঞ্জ প্রোগ্রাম বা খেলোয়াড় আদান-প্রদান কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে তাঁর। অতীতে গায়ানার সঙ্গে চুক্তি করে সে দেশের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া এবং জিম্বাবুয়ের আটজন ক্রিকেটারকে ইসলামাবাদ হাই পারফরম্যান্স সেন্টারে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রসঙ্গটিও তুলে ধরেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশি তরুণ ক্রিকেটারদের জন্যও এমন যৌথ প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ তৈরি করতে চান এই পাকিস্তানি সংগঠক।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link