নারী এশিয়া কাপে বাংলাদেশের কণ্ঠস্বর একজনই। আট সদস্যের আন্তর্জাতিক ধারাভাষ্য প্যানেলে একমাত্র প্রতিনিধি হিসেবে মাইক্রোফোন হাতে বাংলাদেশকে তুলে ধরছেন ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বিভিন্ন দেশের সাবেক আন্তর্জাতিক তারকা ও অভিজ্ঞ বিশ্লেষকদের সঙ্গে কমেন্ট্রি বক্সে সুর মেলাচ্ছেন তিনি।
বিপিএল, ঘরোয়া ক্রিকেট ও দেশের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক সিরিজের পরিচিত মুখ মাজহার অমি। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নিজের উপস্থিতি তিনি ভালোভাবেই জানান দিয়েছেন।

এর আগে ২০২৫ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরই রাইজিং স্টারস টুর্নামেন্টে সাফল্য ও দক্ষতার সাথে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেছিলেন। সেই ধারাবাহিকতা ও ক্রীড়া সাংবাদিকতায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই ২০২৬ নারী এশিয়া কাপের প্যানেলে জায়গা করে নেন এই বাংলাদেশি কমেন্টেটর।
আন্তর্জাতিক এ প্যানেলে অমির সাথে অন্য ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন ভারতের বেদ কৃষ্ণমূর্তি, অন্বেষা ঘোষ, চারভি ভাট। পাকিস্তানের সানা মীর ও মারিনা ইকবাল। শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ এবং সংযুক্ত আরব আমিরাতের আহমেদ রাজা।
একসময় ক্রিকেট মানেই ছিল শুধু মাঠের খেলোয়াড়দের আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু সময়ের সাথে সাথে সেই ধারণায় এসেছে বড় পরিবর্তন। ধারাভাষ্য কক্ষ থেকে শুরু করে সম্প্রচারের নানা ক্ষেত্রে আজ নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছেন বাংলাদেশিরা।












