রিভিউ নিতে হাত নিশপিশ করে মিরাজের

মিরাজ ভবিষ্যতের কথা ভাবেননি। আসলে বলা ভাল, তিনি নিজের ছাড়া অন্য কারও কথাই ভাবেন না।

মেহেদী হাসান মিরাজের সম্ভবত রিভিউ নেওয়ার জন্য হাত নিশপিশ করে। তিনি রিভিউ নেওয়ার ক্ষেত্রে সতীর্থদের সাথে কথা বলেন, সবার কথা শোনেন মন দিয়ে। এরপর নিজের মত সিদ্ধান্ত নেন। আর বলাই বাহুল্য, প্রায়ই তাঁর সিদ্ধান্তগুলো মাঠে মারা যায়।

সিনিয়র ক্রিকেটার হিসেবে যে ভূমিকাটা রাখা দরকার সেটা তিনি রাখতে পারছেন না, বরং বিপদ বাড়াচ্ছেন দলের। মিরাজ সেভাবে ভাবতে না ভাবলেও ভেবেছিলেন সাইফ হাসান, সিনিয়র হিসেবে ক্রিজে থাকা সৌম্য সরকারের পরামর্শ নিয়েছিলেন।

এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে তিনি রিভিউ নেওয়ার কথা ভেবেছিলেন সাইফ হাসান, কথা বলেছিলেন সৌম্য সরকারের সাথে। কিন্তু, কথা বলে দু’জনেরই মনে হয় রিভিউ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। সৌম্য বলে দেন, এখানে রিভিউ নিলে লাভ হবে না। রিপ্লেতেও সেটাই প্রমাণিত হয়। ক্রিকেট দিন শেষে দলগত খেলা, এখান নিজের একক সিদ্ধান্ত চালানো যায় না, চালাতে গেলে বেশি দিন টিকে থাকা যায় না। সাইফ সেটাই মেনে নিয়ে রিভিউ না নিয়ে ফিরে আসেন।

এই সহজ সত্যটা কতদিনে বুঝবেন মিরাজ! আগে তিনি নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠার যখন যে অধিনায়ক থাকতেন তাঁদের ওপর চাপ দিতেন, কখনও সাকিব আল হাসান, কখনও নাজমুল হোসেন শান্ত – সবাইকে বুঝিয়ে শুনিয়ে রিভিউ নিতেন। এখন তিনি নিজেই অধিনায়ক। তাই, ওয়ানডে ফরম্যাটে তিনি রিভিউ নিতে দ্বিতীয়বার ভাবছেন না আজকাল।

গুদাকেশ মোতির বিপক্ষে তিনি যে রিভিউটা নিলেন, সেজন্য তাঁকে কাঠগড়ায় তোলাই যায়। এলবিডব্লিউয়ের জোড়ালো কোনো আবেদন ছিল না, খালি চোখে বলটা লেগ সাইড দিয়েই চলে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। মিরাজ রিভিউ নেওয়ার আগে কথা বললেন শান্ত আর সোহানের সাথে, কেউ তেমন একটা সাহস জোগালেন না। কিন্তু, মিরাজ তো অন্য ধাঁচের অধিনায়ক।

তিনি নিজের সাহসে বলিয়ান হয়ে বোলিং প্রান্তে ফেরার সময় আস্তে করে রিভিউ নিয়ে ফেললেন, যেন সেটা আম্পায়ার ছাড়া আর কেউ না দেখে। বল-ট্র্যাকিংয়ে দেখা গেল—বল লেগ-সাইড দিয়ে চলে যাচ্ছে। ফলে বাংলাদেশ তাদের দুইটি রিভিউই নষ্ট করল, আর সেই নষ্টের মূলে মেহেদী মিরাজ।

একই দৃশ্য ছিল আফগানিস্তানের বিপক্ষে গেল ওয়ানডে সিরিজেও। ব্যাটিং করতে নেমে প্রায় প্রতিটা ম্যাচেই তিনি রিভিউ নষ্ট করেছেন, যেগুলা পরবর্তী সময়ে বাংলাদেশের কাজে লাগতে পারত। মিরাজ ভবিষ্যতের কথা ভাবেননি। আসলে বলা ভাল, তিনি নিজের ছাড়া অন্য কারও কথাই ভাবেন না।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link