হেক্সা জয়ের দহনে অভিজ্ঞ ও নবীনের বন্দনা

হেক্সা জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত ফুটবল ইতিহাসের সফলতম দেশ ব্রাজিল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ফিফার কাছে ৫৫ সদস্যের এক প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

হেক্সা জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত ফুটবল ইতিহাসের সফলতম দেশ ব্রাজিল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ফিফার কাছে ৫৫ সদস্যের এক প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। অভিজ্ঞতা আর নবীন প্রাণের এক অপূর্ব মিশেলে সেজেছে এই সেলেসাও বহর।

  • অভিজ্ঞ সেনানি

স্কোয়াডে সবচেয়ে বড় স্বস্তির নাম নেইমার জুনিয়র। দীর্ঘ চোটের বিভীষিকা কাটিয়ে আবারও বিশ্বমঞ্চ মাতাতে প্রাথমিকভাবে প্রস্তুত তিনি। তাকে ঘিরেই স্বপ্ন বুনছে ভক্তরা। তারকা খেলোয়াড়দের মধ্যে আরও নজর থাকবে কার্লো আনচেলত্তির তুরুপের তাস ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহার উপর।

এবারও অতন্দ্র প্রহরীর মতো থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসেমিরো। রক্ষণভাগের নেতৃত্ব থাকবে পিএসজি তারকা মারকুইনহোসের হাতে। ট্রেবল জয়ের স্বাদ পাওয়া এই ডিফেন্ডার তার অভিজ্ঞতা দিয়ে আগলে রাখবেন সেলেসাওদের পেছনের দেয়াল। আর গোলপোস্টের নিচে চিরচেনা আস্থার প্রতীক হয়ে থাকছেন অ্যালিসন বেকার।

  • উদীয়মান নক্ষত্র

অভিজ্ঞদের পাশাপাশি এবার একঝাঁক তরুণ তুর্কিকে ঘিরে স্বপ্ন দেখছে ব্রাজিল। বিশেষ করে লিওঁতে খেলা এনড্রিককে নিয়ে বিশ্বজুড়ে চলছে মাতামাতি। ব্রাজিলের পরবর্তী ‘নাম্বার নাইন’ হিসেবে নিজেকে প্রমাণ করতে এই তরুণ ফরোয়ার্ডের গোল করার ক্ষুধা হবে দেখার মতো।

মধ্যমাঠে সৃজনশীলতার নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত চেলসির বিস্ময় বালক এস্তেভাও। বল সরবরাহ এবং খেলার গতি নিয়ন্ত্রণে তার পারদর্শিতা স্কোয়াডে তাকে বিশেষ জায়গা করে দিয়েছে।

​ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের সামর্থ্য জানানো জোয়াও পেড্রো হতে পারেন ব্রাজিলের গোপন অস্ত্র। তার শারীরিক ফুটবল এবং গোলমুখে চতুর অবস্থান প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ হবে। একই সাথে বোর্নমাউথের তরুণ প্রতিভা রায়ানের অন্তর্ভুক্তি স্কোয়াডে এনেছে গতির ভিন্নতা।

পুরো স্কোয়াডটি মূলত সাম্বার চিরচেনা ছন্দ আর আধুনিক ফুটবলের গতিময়তার এক অনন্য মিশেল। এখন এই ৫৫ জন থেকে শেষ পর্যন্ত কারা চূড়ান্ত তালিকায় জায়গা পান সেই উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে কোটি ভক্ত।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link