ফিরে আসতে চান? তবে মোসাদ্দেক হোসেন সৈকত হয়ে যান। হ্যাঁ, প্রত্যাবর্তনের নতুন সংজ্ঞাটাই এখন মোসাদ্দেক। যেটা কেউ করতে পারেনি, যেটা করা সহজ ব্যাপার নয়, সেটা অনায়াসে করে ফেললেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে আরও একবার বুঝিয়ে দিলেন, তিনি এবার সবকিছু জয় করতেই এসেছেন।
লিটন দাস ইনজুরিতে মাঠ ছাড়ার পথ ধরতেই আসলেন মোসাদ্দেক। ফিফটির দোরগোড়ায় দাঁড়িয়ে কিছুটা ধীরলয়ে ব্যাট চালাচ্ছিলেন লিটন। বাংলাদেশের স্কোরবোর্ডে তার প্রভাব পড়েছিল বেশ ভালোভাবেই।
মোসাদ্দেক জানতেন কী করতে হবে। তাই তো সবকিছু বুঝে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন। আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা করলেন অজি বোলারদের।

বড় স্কোরের নেশায় তখন মত্ত মোসাদ্দেক, চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে বাংলাদেশের রানের চাকার গতি বাড়িয়ে দিলেন। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের চার নম্বর ফিফটিটা। ৫১ বলে খেলেছেন ৫৬ রানের বিধ্বংসী এক ইনিংস। তাতেই শেষমেশ স্কোরবোর্ডে বাংলাদেশের রান দাঁড়িয়েছে ২৭৪।
সবচেয়ে বড় ব্যাপার মোসাদ্দেকের ইনটেন্ট। তিন ওয়ানডের তিনটিতেই ব্যাট করেছেন ১০০-এর বেশি স্ট্রাইক রেটে। দুটোতেই এসেছে ফিফটি। গুরুত্বপূর্ণ সময়ে নেমে পুরো ম্যাচের দৃশ্যপটটাই বদলে দিচ্ছেন তিনি।
এমন প্রত্যাবর্তন বোধহয় স্বপ্নেই ভাবা যায়। কোনো সিনেমার নায়করাই এমন অসাধ্য সাধন করতে পারেন। তবে মোসাদ্দেক অবিশ্বাস্য কিছু করেছেন, সব হিসাব-নিকাশ ছাপিয়ে পুরো আলোটাই নিজের করে নিয়েছেন। তাই তো আরও একবার বলতেই হয়, ফিরতে চাইলে মোসাদ্দেক হয়ে ফিরুন।











