ইরান-ইসরায়েল যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওই অঞ্চলের সমস্ত ফ্লাইট। আর এমন পরিস্থিতিতে সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম। দেশের ফেরার জন্য রওনা দিয়েও ফিরে আসা হয়নি।
পবিত্র ওমরাহ হজ পালন করতে কয়েকদিন আগে মক্কা গিয়েছিলেন মুশফিক। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে প্রস্তুতি নিচ্ছিলেন দেশে ফেরার। শনিবারই দেশের মাটিতে পা রাখার কথা ছিল তাঁর। এর মাঝেই যুদ্ধের দামামা বেজে ওঠায় আপাতত দেশে আসা হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজেই জানিয়েছেন, ‘আমি কয়েকদিন আগে ওমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটসের ইকে ০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালেই আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি।’
মুশফিক আরও যোগ করেন, ‘কখন এবং কীভাবে আমরা ঢাকায় ফিরতে পারব তা একমাত্র মহান আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং দ্রুত নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করে দিন।’

মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন অনিরাপদ। সাময়িকভাবে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। তাই তো চাইলেও আর মুশফিকের ফেরার উপায় নেই। চলমান পরিস্থিতি কবে নাগাদ ঠিক হবে, সেটা নিয়েও রয়েছে ঘোর অনিশ্চয়তা। আপাতত প্রার্থনা ব্যতীত কিছুই করার নেই কারও।










