২০০৩ সালে লেখা সেই কলামটা যেন ছুরির মতো বিঁধেছিল বাংলাদেশের বুকে। খালেদ মাহমুদ সুজনের নবীন বাংলাদেশ দলের প্রথম অস্ট্রেলিয়া সফর। নির্লিপ্ত কলমে সিডনি মর্নিং হেরাল্ডে ডেভিড হুকস লিখেছিলেন, ‘ম্যাচটি একদিনেই শেষ হওয়া উচিৎ। নাম দেওয়া যেতে পারে একদিনের টেস্ট।
কে এই ঠোঁট কাটা ডেভিড হুকস? তিনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তখনকার পরিচিত টিভি ধারাভাষ্যকার মুখ। সাদা পোশাকে ২৩ টেস্টে ৩৪ গড়ে করেছেন ১৩০৬ রান। রঙিন পোশাকেও নিজের নামটা উজ্জ্বল করতে পারেননি হুকস। ৩৯ ম্যাচে ২৪ গড়ে ৫ ফিফটিতে করেছেন মাত্র ৮২৬ রান।
টেস্ট মর্যাদা পাওয়ার তিন বছরের মাথায় প্রায় অজানা এই হুকসের বাউন্সারে বাংলাদেশ তখন প্রায় মাটির সাথে মিশে যেতে পারলে বাঁচে। তাঁর লেখা কথাগুলো আগুনের মতো ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের ক্রিকেটপাড়ায়, অপমানের জ্বালা বুকে নিয়ে মাঠে নেমেছিল সফরকারী বাংলাদেশ।

যদিও, খোদ অস্ট্রেলিয়াতেও হুকস বিরোধী মানুষ ছিলেন। খোদ স্টিভ ওয়াহ সেবার বলেছিলেন, ‘এটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়।’
কিন্তু, হুকস খুব বেশি ভুল বলেননি। ফলাফল যেন হয়ে উঠল সেই কথারই প্রতিধ্বনি। একদিনে হারতে না হলেও, ডারউইন আর ব্রিসবেনে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হার, তরুণ আশরাফুলের ব্যাট চার ইনিংসে জমা করতে পারল মোটে ৩০ রান। হুকসের বিদ্রূপ যেন সত্যি হয়ে ধরা দিল মাঠের চিত্রে, আর সেই ক্ষত রয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের স্মৃতিতে দীর্ঘদিন, এক নীরব কাঁটার মতো।
তেইশ বছর পর সেই একই মাঠে আবার ফিরছে বাংলাদেশ। ডেভিড হুকস আজ আর নেই। তাঁর বিদ্রুপ সব মন্তব্যের মত তাঁর প্রয়ানও বেশ আলোচিত ঘটনা।

২০০৪ সালে দক্ষিণ অস্ট্রেলিয়াকে হারিয়ে দারুণ এক জয় পেয়েছিল ভিক্টোরিয়া। সেই জয় উদযাপন করতে পুরো দল নিয়ে মেলবোর্নের নামী এক হোটেলে হাজির কোচ ডেভিড হুকস। চারপাশে তখন জয়ের উচ্ছ্বাস, হাসি আর উদযাপনের রেশ। হঠাৎ সেই আনন্দের জটলায় বাঁধল কলহ।
হোটেলের বাউন্সারের সঙ্গে কথা-কাটাকাটি হয় হুকসের। মুহূর্তেই উত্তপ্ত পরিস্থিতি গড়াল হাতাহাতিতে। সজোরে ছোড়া এক ঘুষির পরই মাটিতে লুটিয়ে পড়লেন ডেভিড হুকস। জ্ঞান হারালেন, আর ফিরলেন না। হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি তাঁকে।
আর সেখানেই থেমে গেল অস্ট্রেলিয়ার ক্রিকেটের এক পরিচিত মুখের জীবন। তবে, তাঁর সেই আলোচিত কলাম যেন আজও ভূতের মতো তাড়া করে বেড়ায় বাংলাদেশ শিবিরকে। আর সময়ের নির্মম রসিকতা দেখুন— ডারউইনে পা রাখার আগে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট বাংলাদেশ, ইনিংস ও ৩৮ রানের হার।

ডেভিড হুকসের আত্মাকে শান্তি দেওয়ার দিব্যি নিয়ে নিশ্চয়ই নাজমুল হোসেন শান্তর দল অস্ট্রেলিয়া যায়নি। গিয়েছে জবাব দিতে, গিয়েছে শত আঘাত জর্জরিত হয়েও লড়াই করার তাড়ণা ফিরিয়ে আনতে। সেই লড়াই ডেভিড হুকসও ওপার থেকে ঠিকই হয়ত দেখবেন।











