নব্য নামে, নবীন রূপে পিন্ডিজ

নতুন সূর্যোদয় হিসেবে রাওয়ালপিন্ডির ফ্র‍্যাঞ্চাইজি 'পিন্ডিজ' এর নাম যখন ঘোষিত হলো, ক্রিকেট বিশ্ব বুঝে নিয়েছিল - এ কেবল সংখ্যা বাড়ানোর লড়াই নয়। বরং মোহম্মদ রিজওয়ানের নেতৃত্বে এক অভিজ্ঞ বাহিনীর রাজকীয় পদযাত্রা

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ এর আঙিনায় যখন নতুন সূর্যোদয় হিসেবে রাওয়ালপিন্ডির ফ্র‍্যাঞ্চাইজি ‘পিন্ডিজ’ এর নাম ঘোষিত হলো, ক্রিকেট বিশ্ব বুঝে নিয়েছিল – এ কেবল সংখ্যা বাড়ানোর লড়াই নয়, বরং মোহম্মদ রিজওয়ানের নেতৃত্বে এক অভিজ্ঞ বাহিনীর রাজকীয় পদযাত্রা। গ্ল্যামার আর গতির এই টুর্নামেন্টে পিন্ডিজ এবার নামছে এমন এক রণকৌশল নিয়ে, যেখানে তারুণ্যের চপলতার চেয়ে অভিজ্ঞতার ভারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

​পিন্ডিজের ব্যাটিং অর্ডারের দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে এক অদ্ভুত স্থিরতা। ওপেনিংয়ে উসমান খাজার সেই চিরচেনা অস্ট্রেলীয় ধ্রুপদী ঢং আর ক্যাপ্টেন রিজওয়ানের উইকেটে টিকে থাকার জেদ – প্রতিপক্ষ বোলারদের জন্য এক বড় পরীক্ষা। ব্যাটিং লাইন আপে আরও আছেন কামরান গোলাম, সেই সাথে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলো দাপিয়ে বেড়ানো স্যাম বিলিংস।

আলোচনার কেন্দ্রবিন্দুতে নিউজিল্যান্ডের ড্যারিল মিশেল। ৮০.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি খরচ করে তাকে দলে ভেড়ানো হয়েছে। ডেথ ওভারের মিশেলে ছক্কা হাঁকানোর দক্ষতা আর ১৪২ স্ট্রাইক রেটের ব্যাটিং যেকোনো বোলিং আক্রমণকে তছনছ করে দিতে পারেন।

বোলিং বিভাগে পিন্ডিজ যেন এক পারমাণবিক শক্তি। একদিকে নাসিম শাহের গতি অন্যদিকে অভিজ্ঞতার ঝুলি নিয়ে প্রস্তুত মোহাম্মদ আমির। দুইজন পেসারই যেকোন কন্ডিশনে যেকোন ব্যাটিং লাইন আপকে ভেঙে দেওয়ার সক্ষমতা রাখেন।

​তবে পিন্ডিজের তুরুপের তাস হতে পারেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫.৬ এর দুর্দান্ত স্ট্রাইক রেট বলে দেয়, এই তরুণের ঘূর্ণি মায়াজালে আটকা পড়তে পারেন পিএসএলের বড় বড় তারকারাও। তাকে সঙ্গ দিতে আছেন আমাদ বাট ও আসিফ আফ্রিদির মতো অলরাউন্ডাররা।

মাঠের লড়াইয়ে যদি এই অভিজ্ঞতার সাথে তারুণ্যের তেজ মিলেমিশে একাকার হয়, তবে ২০২৬ এর পিএসএল মঞ্চে এক নতুন সাম্রাজ্যের উত্থান দেখা কেবল সময়ের ব্যাপার। ক্রিকেট বিধাতা হয়তো পিন্ডিজের ভাগ্যাকাশে এখনই এক সোনালী রেখা এঁকে রেখেছেন। এখন শুধু বাইশ গজের লড়াইয়ে সেই রেখা ধরে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link