প্রিমিয়ার লিগে টিকে থাকার অগ্নিপরীক্ষা

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের ভাগ্যলিপি এখন চূড়ান্ত ক্ষণে। শিরোপা জয়ের ডামাডোলের চেয়েও এখন বেশি উত্তপ্ত টেবিলের তলানি।

​ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের ভাগ্যলিপি এখন চূড়ান্ত ক্ষণে। শিরোপা জয়ের ডামাডোলের চেয়েও এখন বেশি উত্তপ্ত টেবিলের তলানি। উলভস এবং বার্নলি ইতিমধ্যেই বিদায় নিয়েছে, কিন্তু তৃতীয় দল হিসেবে রেলিগেশনের গহ্বরে কে নামবে, তা নিয়ে চলছে স্নায়ুক্ষয়ী যুদ্ধ।

ঠিক এই সংকটময় মুহূর্তে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে  প্রাণের স্পন্দন ফিরে পেয়েছে টটেনহ্যাম হটস্পার। ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ তম স্থানে উঠে এসেছে তারা। মিকাহ রিচার্ডস ও অ্যালান শিয়েরারের মতে, এই জয়ে কেবল পয়েন্ট আসেনি, এসেছে মাঠে ফেরার চরম জেদ।

অন্যদিকে, অবনমনের বিষণ্ণ মেঘ সবচেয়ে বেশি ঘনীভূত হয়েছে ওয়েস্ট হ্যামের আকাশে। ব্রেন্টফোর্ডের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর তারা এখন ১৮ নম্বর স্থানে। নুনো এসপিরিটো সান্তোর শিষ্যরা যেন দুর্ভাগ্যের চোরাবালিতে আটকে গেছে। শেষ ম্যাচে তাদের চারটি শট পোস্টে লেগে ফিরে আসা ছিল সেই ট্র্যাজেডিরই অংশ।

এই সমীকরণের সবচেয়ে নাটকীয় চরিত্র নটিংহ্যাম ফরেস্ট। ১৬ নম্বরে থাকা এই দলটির ভাগ্য এখন দুই নৌকায়। একদিকে লিগ টেবিলের কঠিন সূচি, অন্যদিকে ২০ মে ইস্তাম্বুলে ইউরোপা লিগের ফাইনাল। ইউরোপ জয়ের স্বপ্ন আর প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াই – এই দুইয়ের চাপে ভিটর পেরেইরার দল কতটা স্থির থাকতে পারে, সেটাই দেখার বিষয়।

প্রতিপক্ষের কথা বললে, টটেনহ্যাম হটস্পারের সামনে রয়েছে লিডস, চেলসি আর এভারটনের মতো প্রতিপক্ষ। নাম শুনে পথটা বন্ধুর মনে হলেও অন্যদের তুলনায় তাদের প্রতিপক্ষই বরং তুলনামূলক দুর্বল।

ওয়েস্ট হ্যামের বাকি তিনটি ম্যাচে লড়তে হবে আর্সেনাল, নিউ ক্যাসল আর লিডসের সাথে। অন্যদিকে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হেভিওয়েটদের বিপক্ষে তাদের পয়েন্ট ছিনিয়ে আনার চ্যালেঞ্জ থাকবে নটিংহ্যাম ফরেস্টের উপর।

পরিসংখ্যান বলছে, সাধারণত ৩৬ পয়েন্ট সুরক্ষার জন্য যথেষ্ট হলেও এবার ৩৯ পয়েন্ট নিয়েও কোনো দল নিরাপদ নয়। ৪৩ পয়েন্ট না পাওয়া পর্যন্ত কারও নিস্তার নেই। এমন এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে ইংলিশ ফুটবল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link